জেলা প্রতিনিধিঃ
খুলনার তিন হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এর মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে চারজন, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে দুইজন এবং খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একজন করে রোগীর মৃত্যু হয়েছে। তবে খুলনা জেনারেল হাসপাতালে ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এ সময়ের মধ্যে কারো মৃত্যু হয়নি।
খুলনাতে মঙ্গলবার ৫ জনের মৃত্যু হয়েছিল। এর আগে গত ৯ জুলাই ২৭ জনের মৃত্যু হয়েছিল। যা ছিল এ পর্যন্ত খুলনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডাঃ সুহাস রঞ্জন হালদার জানান, এ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- খুলনার বটিয়াঘাটার রাবেয়া, একই এলাকার আকরাম হোসেন, বাগেরহাট চিতলমারীর মোবারক শেখ এবং ঝালকাঠির রাজাপুরের হাসান আলী। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১১৩ জন। যার মধ্যে রেড জোনে ৪৭ জন, ইয়োলো জোনে ৩৩ জন, আইসিইউতে ২০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২০জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।
খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ৪৫ শয্যার করোনা ইউনিটে ২৮জন চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন মুখপাত্র ডাঃ প্রকাশ দেবনাথ। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- খুলনার দৌলতপুর কারিকরপাড়ার মোমেনা বেগম ও একই এলাকার দেয়ানার ফজলুর রহমান। গত ২৪ ঘণ্টায় ২জন রোগী ভর্তি হয়েছেন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন। আইসিইউতে রয়েছেন ৮জন।
খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোন রোগীর মৃত্যু হয়নি। চিকিৎসাধীন রয়েছেন ২২ জন, তার মধ্যে ১০ জন পুরুষ, আর ১২ জন নারী। গত ২৪ ঘণ্টায় ২ জন রোগী ভর্তি হয়েছিল, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন।
সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন খুলনার শামসুর রহমান রোডের আব্দুল মতিন তরফদারের ছেলে তরফদার আব্দুল মোতালেব। বেসরকারি এ হাসপাতালটির ৯০ শয্যার করোনা ইউনিটে ৫০ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। আইসিইউতে ভর্তি রয়েছেন ১০ জন।
গাজী মেডিকেল হাসপাতালের সত্ত্বাধিকারী ডাঃ গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি। বেসরকারি এ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন ৩৮ জন। ভর্তি হয়েছেন ৬ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭জন।

