আন্তর্জাতিক ডেস্কঃ
ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) যোগ দেওয়ার পর বর্তমানে সপরিবারে প্যারিসের লে রয়্যাল মনচিআও হোটেলে থাকছেন লিওনেল মেসি। ক্লাব কর্তৃপক্ষ বাড়ি খুঁজে না দেওয়া পর্যন্ত এ হোটেলেই থাকবেন তিনি।
পিএসজির মাঠ পার্ক দো প্রিন্সেস থেকে হোটেলটি মাত্র ১৫ মিনিটের পথ। অবশ্য মেসিকে তার বাসায় থাকতে অনুরোধ করেছেন সতীর্থ সার্জিও রামোস। কিন্তু মেসি আপাতত এ হোটেলেই থাকছেন। এখানে একসময় বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব ও সিনেমাজগতের বড় তারকারা থাকতেন।
রয়্যাল মনচিআও হোটেলে থেকেছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, হলিউডের সিনেমা প্রযোজক ওয়াল্ট ডিজনি ও অভিনেতা রবার্ট ডি নিরো। বাসা খুঁজে পাওয়ার আগে এই পাঁচ তারকা হোটেলেই মেসিকে থাকতে হবে।
বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, প্রতি রাতে এই হোটেলের ভাড়া ১৭ হাজার পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় টাকার অঙ্কটা প্রায় ২০ লাখ। ১৯২৮ সালে যাত্রা শুরু করা এ হোটেল মূলত প্যারিসে শিল্পী, সেলিব্রিটি ও বুদ্ধিজীবীদের দেখা করার জায়গা।
মেসির বর্তমান ক্লাব সতীর্থ ও বন্ধু নেইমারও বাসা খুঁজে পাওয়ার আগে এই হোটেলে থেকেছেন। বার্সেলোনা ছেড়ে ২০১৭ সালে পিএসজিতে যোগ দেন তিনি। হোটেলটি প্যারিসের সবচেয়ে বিলাসবহুল অঞ্চলে অবস্থিত।
হোটেলটিতে প্রায় সময়ই নানা রকম চিত্র প্রদর্শনী হয়ে থাকে। ২৩ মিটার লম্বা সুইমিং পুলটি প্যারিসে হোটেলগুলোর মধ্যে সবচেয়ে বড়। সিনেমা দেখার ব্যক্তিগত জায়গা ছাড়াও এ হোটেলে রয়েছে ছয়টি বিলাসবহুল রেস্টুরেন্ট।
পিএসজির সঙ্গে আপাতত দুই বছরের চুক্তি করেছেন মেসি। চাইলে চুক্তির মেয়াদ আরো এক বছর বাড়াতে পারবেন সাবেক এ বার্সেলোনা ফরোয়ার্ড। বেতন-ভাতা মিলিয়ে ক্লাবটিতে বছরে ৩ কোটি ৫০ লাখ ইউরো পারিশ্রমিক পাবেন তিনি।

