সময় সংবাদ ডেস্কঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী ১৫ আগস্ট বাদ যোহর দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এছাড়া দেশের অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে নিজ নিজ ধর্ম মতে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
বৃহস্পতিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে ঘাতকের ঘৃণ্য আঘাতে নির্মমভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ বঙ্গবন্ধু পরিবারের শহিদ সদস্যরা এবং অন্যান্য সব শহিদের আত্মার মাগফিরাত ও শান্তি কামরা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।
এ সময় বাংলাদেশসহ সারাবিশ্বের সব মানুষের সুরক্ষা, অসুস্থদের দ্রুত আরোগ্য লাভ, মহামারি পরিস্থিতির দ্রুত উন্নতি এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও প্রার্থনা করা হবে।
স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব মসজিদের সম্মানিত খতিব, ইমাম, মুসুল্লিরা ও মসজিদ কমিটি এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে অনুরোধ জানানো হয়েছে।

