জেলা প্রতিনিধিঃ
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রতিদিন কোনো না কোনো অপরাধ সংঘটিত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, যতই দিন যাচ্ছে আশ্রিত রোহিঙ্গারা সন্ত্রাসী কার্যক্রম ও অনিয়মতান্ত্রিক আচরণ করছে।
মঙ্গলবার নয়াপাড়া আর্মি ক্যাম্প অধীনস্থ রোহিঙ্গা ক্যাম্প-২৪ এলএমএস -এ অভিযান পরিচালনা করে স্থানীয় সন্ত্রাসী রুবেল গ্রুপের সহযোগী ওসমান গণি ও মো. নয়নকে আটক করে এপিবিএন।
এর আগে, গতকাল সোমবার নয়াপাড়াস্থ মুচনী রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের বাসিন্দা রোহিঙ্গা মো. মিজান হোসেন, সাদ্দাম হোসেন, মো. জমির হোসেন ও মো. রফিককে ৪৯০ পিস ইয়াবাসহ আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী এ বাহিনী।
একইদিন টেকনাফের লেদা ক্যাম্প-২৪ এর সি-৭ এর রোহিঙ্গারা পাহাড়ি রোহিঙ্গা ডাকাতদের ভয়ে ক্যাম্পের সিআইসি অফিসের সামনে আশ্রয় নেয়। পরবর্তীতে এলএমএস এ ব্লকে তাদের পরিবারের অন্যদের সঙ্গে সাময়িক সময়ের জন্য থাকার ব্যবস্থা করা হয়।
এছাড়াও রোহিঙ্গা ক্যাম্প-২২ এ অবৈধ কম্পিউটার এবং সাউন্ড বক্সের দোকান স্থাপন করায় রোহিঙ্গা সামশু আলমসহ দুইজনকে আটক করে পুলিশ। এসময় তাদের দোকান উচ্ছেদ করা হয়। পরে তাদেরকে সর্তক করে হেড মাঝির জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
এদিকে, রোহিঙ্গা ক্যাম্প-৯ এলাকায় ৩০ লাখ ৭৫ হাজার ৮০০ টাকাসহ মো. রিয়াজ উদ্দিন ও মো. রিয়াজ কামালকে আটক করে ৮ এপিবিএন। জানা গেছে, বিভিন্ন দেশ থেকে আসা রোহিঙ্গাদের পাঠানো এ টাকা ক্যাম্পে নিয়ে আসে তারা।

