* কাবুল বিমানবন্দরের বাইরে ‘আত্মঘাতী’ হামলা, বিদেশি নাগরিকসহ নিহত ১১
আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে এক ‘আত্মঘাতী’ হামলায় শিশু ও বিদেশি নাগরিকসহ ১১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে তালেবান। এই বিস্ফোরণে তালেবানের কয়েকজন নিরাপত্তা রক্ষী আহত হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার এ বিস্ফোরণ ঘটে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। তবে কারা এই হামলা চালিয়েছে তাও নিশ্চিত হওয়া যায়নি বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।
কাবুল বিমানবন্দরে কয়েক ঘণ্টার মধ্যেই ‘ভয়াবহ’ হামলা হতে পারে বলে যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী জেমস হ্যাপির আশঙ্কা প্রকাশের পরই এ হামলার খবর সামনে এলো।
*কাল থেকে খুলছে জাতীয় চিড়িয়াখানা
টানা সাড়ে চার মাস বন্ধ থাকার পর আগামীকাল শুক্রবার মিরপুরের জাতীয় চিড়িয়াখানা খুলছে। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
এ বিষয়টি নিশ্চিত করে জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. মো. আব্দুল লতিফ বৃহস্পতিবার বলেন, রোববার ব্যতীত সপ্তাহের বাকি দিনগুলোতে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চিড়িয়াখানা খোলা থাকবে। তবে মুজিবশতবর্ষ উপলক্ষে প্রতিমাসের প্রথম রোববারও চিড়িয়াখানা খোলা থাকবে।
*দেশে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩.৭৭ শতাংশ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১০২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় মৃত্যু হয়েছে ৩৭ জনের। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৭২৯ জনে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৪ হাজার ৬৯৮ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লাখ ৮২ হাজার ৬২৮ জনে। এসময় ৩৪ হাজার ১১১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় শনাক্তের হার ১৩.৭৭ শতাংশ।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
*বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য সফল হতে দেব না: প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা খন্দকার মোশতাক ও জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করে বলেছেন, বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য সফল হতে দেওয়া হবে না।
প্রধানমন্ত্রী বৃহস্পতিবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।
তিনি আরো বলেন, যারা ষড়যন্ত্রকারী ও চক্রান্তকারী তারা জাতির পিতাকে ১৫ আগস্ট তারিখে হত্যা করেছিল বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোর জন্যে। তারা চেয়েছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জন ব্যর্থ হোক, স্বাধীনতার আদর্শ ধ্বংস হয়ে যাক। আমরা সেটা করতে দেব না।
*শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে ৫ সিদ্ধান্ত নিয়েছে সরকার
শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে ৫ দফা সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকের পর শিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিদ্ধান্তগুলো হলো -
১. আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী করোনার সংক্রমণের হার ৫ শতাংশের নিচে থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া যায়। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে শিক্ষার্থীরা পারিবারিক পরিমণ্ডলে কোলাহলের মধ্যে থাকে, এই বিষয় বিবেচনায় নিয়ে, শিক্ষাপ্রতিষ্ঠানের খুলে দেওয়ার ক্ষেত্রে সংক্রমণের হার ৫ শতাংশ থেকে ১০ শতাংশের মধ্যে কোনো একটি সংখ্যা বিবেচনা করা যায় কিনা সে বিষয়ে টেকনিক্যাল কমিটির পরামর্শ চাওয়া হবে।
২. যদিও শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় স্কুল রি-ওপেনিং প্ল্যান করে রেখেছে তারপরও স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে আলোচনা করে এই রি-ওপেনিং প্ল্যান আগামী ৭ দিনের মধ্যে চূড়ান্ত করবে।
৩. শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পর স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে কিনা তার জন্য প্রত্যেকটি প্রতিষ্ঠানে মনিটরিং সেল গঠন করবে এবং প্রতিদিন প্রতিবেদন তৈরি করবে। আগামী সাত দিনের মধ্যে মনিটরিং প্রতিবেদন তৈরি করার একটি গাইডলাইন তৈরি করা হবে।
৪) বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাত দিনের মধ্যে সকল বিশ্ববিদ্যালয় তাদের যে সমস্ত শিক্ষার্থী ইতোমধ্যে টিকা নিয়েছে, টিকা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছে, টিকা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেনি কিন্তু শিক্ষার্থীর এনআইডি আছে এবং যাদের এনআইডি নেই কিন্তু তাদের বয়স ১৮ পেরিয়ে গেছে তাদের একটি তালিকা প্রণয়ন করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করবে। শিক্ষা মন্ত্রণালয় যাদের এনআইডি নেই কিন্তু তাদের বয়স ১৮ এর ওপর তাদের দ্রুততম সময়ের মধ্যে এনআইডি পাওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের সাথে কথা বলবে। তারপর সেপ্টেম্বরের শেষ নাগাদ বিশ্ববিদ্যালয় পর্যায়ের সকল শিক্ষার্থীর টিকাগ্রহণ নিশ্চিত করা হবে। টিকাপ্রাপ্ত শিক্ষার্থীদের শরীরে এন্টিবডি হওয়ার জন্য ১৫ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করবে। তারপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।
৫) আগামী ২ সেপ্টেম্বর বুধবার আবার যৌথসভা অনুষ্ঠিত হবে। ওই যৌথসভায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে এবং তা গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে।
*রাজধানীতে ইলশেগুঁড়ি বৃষ্টি
দুপুর না গড়াতেই রাজধানীতে ইলশেগুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। অনেক এলাকায় এখনও থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে। শুধু রাজধানীই নয়, দেশের অনেক অঞ্চলে মুষলধারে বৃষ্টি হচ্ছে।
মৌসুমি বায়ুর প্রভাবে আকাশে সঞ্চরণশীল মেঘের সৃষ্টি হয়েছে। এ কারণে রাজধানী ঢাকাসহ দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এরকম থাকবে আরও কয়েকদিন।
আবহাওয়াবিদ একে এম নাজমুল হক বলেন, মৌসুমি বায়ুর প্রভাবে উত্তরাঞ্চলসহ দেশের অনেক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। তবে তা টানা নয়। এই অবস্থা আরও দুদিন থাকতে পারে। এরপর উত্তরাঞ্চলে বৃষ্টি কমে আসলেও দক্ষিণাঞ্চলে বৃষ্টি বেড়ে যেতে পারে। এদিকে আগের মতই নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
*দেশে ফিরছেন ১৪ বাংলাদেশি ও ১৬০ আফগান শিক্ষার্থী
কাবুলে আটকে পড়া ২৯ বাংলাদেশির মধ্যে ১৪ জন ও চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনের ১৬০ আফগান শিক্ষার্থী বাংলাদেশে ফিরছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার একটি বিশেষ ফ্লাইটে তারা চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে।
বিচ্ছিন্ন কিছু এলাকা ছাড়া রাজধানীসহ পুরো আফগানিস্তান এখন তালেবানের নিয়ন্ত্রণাধীন। এতে অজানা আশঙ্কায় দেশটি ছাড়তে মরিয়া সেখানে থাকা বিভিন্ন দেশের নাগরিক। এরমধ্যে ২৯ বাংলাদেশি সেখানে আটকা পড়েছেন। এছাড়া চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনের ১৬০ আফগান শিক্ষার্থী নিজ দেশে ছুটি কাটাতে গিয়ে আটকা পড়েন। এসব বাংলাদেশির মধ্যে ১৪ জন ও ১৬০ আফগান শিক্ষার্থীকে বিশেষ ফ্লাইটে বাংলাদেশে ফেরানো হচ্ছে। ফ্লাইটটি সরাসরি চট্টগ্রামে অবতরণ করবে।
*অবশেষে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত, তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
আগামী ১৫ অক্টোবর থেকে ধাপে ধাপে পাবলিক বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ টেকনিক্যাল কমিটির সঙ্গে বৈঠক হয়। সেখানে এ সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।
এর আগে, টিকা সংক্রান্ত সব বিশ্ববিদ্যালয় থেকে ছক আকারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) তথ্য পাঠাতে হবে। যে বিশ্ববিদ্যালয় শতভাগ টিকার আওতায় আসবে শুধু সেসব বিশ্ববিদ্যালয়ের আবাসন হলসহ সব কার্যক্রম শুরু করতে পারবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।
* কানের দুলে ধরা পড়ল খুনি, ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ বাবা-মা
১৬ বছর বয়সী ইমন হোসেন। পড়তেন দশম শ্রেণিতে। তবে বাবা জাকিরুল ইসলাম অসুস্থ হওয়ায় সংসারের হাল ধরতে বই-খাতা ছেড়ে ধরেছেন অটোরিকশার স্টিয়ারিং। তার আয়ে কোনোরকমে চলছিল সংসার। ইচ্ছা ছিল এবার এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করবেন। কিন্তু সেই ইচ্ছা পূরণ হওয়ার আগেই লাশ হতে হলো ইমনকে।
১৮ আগস্ট রাতে নির্মম এ ঘটনাটি ঘটেছে পাবনার চাটমোহর উপজেলার চাটমোহর-হান্ডিয়াল সড়কের ভাঙাব্রিজ এলাকায়। অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে যাত্রীবেশে একই এলাকার সমবয়সী কয়েকজন বখাটে ইমনকে হত্যার পর পানিতে লাশ ফেলে দেয়। শুধু তাই নয়, হত্যার পর খুনিরা সবাই নিজ বাড়িতেই ছিল। এমনকি লাশ উদ্ধারের পর দেখতেও আসে।
*ধর্ষণচেষ্টা মামলা তুলে না নেয়ায় মা-বাবাসহ কিশোরীকে নির্যাতন
কুমিল্লার দেবিদ্বারে ধর্ষণচেষ্টা মামলা তুলে না নেয়ায় মা-বাবাসহ এক কিশোরীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার দেবিদ্বার থানায় একটি মামলা করেন ভুক্তভোগী কিশোরীর বাবা। উপজেলার সুলতানপুর ইউনিয়নের কুরছাপ পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

