* প্রধানমন্ত্রী কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ কাজের উদ্বোধন করবেন কাল
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিকমানে উন্নীত করার লক্ষ্যে একটি প্রকল্পের অংশ হিসেবে আগামীকাল রোববার অনলাইনে বিমানবন্দরটির রানওয়ে সম্প্রসারণের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।
সমুদ্র তীরবর্তী জমি পুনরুদ্ধারের মাধ্যমে বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ করে সরকার বিমানবন্দরটির আরো উন্নয়ন ঘটানোর পদক্ষেপ গ্রহণ করেছে- যাতে আন্তর্জাতিক বিমান কোম্পানিগুলো তাদের বড় বড় বিমানকেও এই বিমানবন্দরে অবতরণ করাতে পারে।
প্রকল্পটি সম্পন্ন হলে নতুন ১০ হাজার ৭০০ ফুট রানওয়ে হবে- যার ফলে আন্তর্জাতিক ফ্লাইটের বোইং ৭৭৭ ও ৭৪ এর মতো বড় আকারের বিমানগুলো এই বিমানবন্দরে অবতরণ করতে পারবে এবং এর ফলে এখানে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করার পথ সুগম হবে।
*দুই মাস পর শতকের নিচে নামলো মৃত্যু
টানা দুই মাস পর একদিনে দেশে করোনায় শতকের নিচে মৃত্যু নামলো। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৮০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৯২৬ জনে। এর আগে, ২৬ জুন একদিনে ৮১ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।
শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪৩৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লাখ ৮৯ হাজার ৫৮৯ জনে।
* ব্রাহ্মণবাড়িয়া নৌকা ডুবির ঘটনায় সাত সকালে মিলল শিশুর লাশ, মৃত বেড়ে ২২
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের লইস্কা বিলে যাত্রীবাহী নৌকায় বালুবাহী ট্রলারের ধাক্কার ঘটনায় আরো এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এতে মৃত বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া এসপি মো.আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার সকালে ঘটনাস্থলের কাছে এক শিশুর লাশ পাওয়া গেছে। এ নিয়ে ২২ জনের লাশ উদ্ধার করা হলো।
*বাংলাদেশে তালেবান-জঙ্গি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে তালেবান নেই, জঙ্গিও নেই। আছে কিছু অরাজকতা সৃষ্টিকারী বাহিনী। এছাড়া কিছু সন্ত্রাসী বাহিনী বিভিন্ন সময় বিভিন্ন নামে আত্মপ্রকাশ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে।
শনিবার দুপুরে সাভারের আশুলিয়ার বাইশমাইল এলাকায় একশত আলী সুপার মার্কেটের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
*কক্সবাজার বিমানবন্দর,সমুদ্র ছুঁয়ে আকাশে উড়বে বিমান
দেশের সবচেয়ে দীর্ঘ রানওয়ে হতে যাচ্ছে কক্সবাজার বিমানবন্দরে। বর্তমানে নয় হাজার ফুটের দীর্ঘ রানওয়েকে ১০ হাজার ৭০০ ফুটে সম্প্রসারণ করা হচ্ছে। এরমধ্যে ১ হাজার ৩০০ ফুট থাকবে সমুদ্রের মধ্যে। আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করতে বঙ্গোপসাগরের তলদেশে ব্লক তৈরি করে বাড়ানো হচ্ছে রানওয়ে। এই নির্মাণ কাজের দায়িত্ব পেয়েছে চীনের দুটি প্রতিষ্ঠান।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বলছে, কক্সবাজার বিমানবন্দরকে ঘিরে তৈরি হবে এভিয়েশন হাব। আর সারাবিশ্ব থেকে সু-পরিসর বিমান কক্সবাজারে ওঠানামা করতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী।
*চোরাই গাড়ি গায়েব করা হয় পাঁচ ধাপে, চুরির প্রক্রিয়ায়ও বেশ রোমাঞ্চকর
প্রথমে চালকদের সঙ্গে ভাব জমিয়ে কিংবা অন্য কোনো কৌশলে গাড়ি চুরি করে একটি চক্র। এরপর গাড়িটির ভাগ্যে কী আছে, তা ঠিক করে তারাই! কখনও টাকার বিনিময়ে তা ফিরে পান গাড়ির মালিক, আবার কখনও শেষ ঠিকানা হয় রাজধানীর ধোলাইখাল। সবমিলিয়ে পুরো প্রক্রিয়ায় কাজ করে পাঁচটি দল।
শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে গাড়ি চোরদের এই চক্রের মূলহোতাসহ পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় মোবাইল, চাকু, দেশীয় অস্ত্র ও পিস্তল। উদ্ধার করা হয় বেশ কয়েকটি চোরাই গাড়ি।
*চাঁপাইনবাবগঞ্জে উভয় লিঙ্গ নিয়ে অদ্ভূত শিশুর জন্ম
অদ্ভূত এক শিশু জন্ম নিয়েছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে। শিশুটি ছেলে ও মেয়ের (উভয়) লিঙ্গ নিয়ে জন্ম নিয়েছে। এছাড়া তার মাথার অর্ধেক নেই, এমনকি মগজও রয়েছে পৃথকভাবে একটি থলেতে।
শুক্রবার রাতে গোমস্তাপুরের মহানন্দা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে শিশুটির জন্ম হয়। মেডিসিন বিশেষজ্ঞরা বলছেন, এমন ঘটনা বিরল। ওই উপজেলার বালুগ্রাম দক্ষিণটোলা গ্রামের ভ্যানচালক নাসির হোসেনের স্ত্রী জিন্নাতুন খাতুন শিশুটির জন্ম দিয়েছেন।
শনিবার সকাল পর্যন্ত শিশুটি সুস্থ ছিল। ক্লিনিক কর্তৃপক্ষ, নার্স, আয়া ও শিশুটির স্বজনরা বিষয়টি নিশ্চিত করেছেন।
*প্রবাসী স্বামীর সাড়ে ২৭ লাখ টাকা হাতিয়ে নিয়ে তালাক, কারাগারে নববধূ
লক্ষ্মীপুরে বিয়ের নামে প্রতারণার মামলায় নুরজাহান স্মৃতি নামে এক নববধূকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে স্মৃতিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নুরজাহান স্মৃতি সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুরের নূর নবীর মেয়ে। ভুক্তভোগী মো. খোকন সৌদিপ্রবাসী। তিনি কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী, মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, সৌদি প্রবাসী মো. খোকনের সঙ্গে মোবাইলে ১০ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয় নুরজাহান স্মৃতির। দেনমোহরের নিশ্চয়তার জন্য প্রবাসীর বড় ভাইয়ের ব্যাংক হিসাবের একটি চেক রেখে দেয় মেয়ের পরিবার। বিয়ের পর স্মৃতি স্বামীর বাড়িতে থাকতে অপারগতা প্রকাশ করেন। পরে স্বামীকে বিভিন্নভাবে বুঝিয়ে জেলা শহরের উপকণ্ঠে জমি কিনতে ১০ লাখ টাকা নেন তিনি। এভাবে বিভিন্ন অজুহাতে খোকনের কাছ থেকে ২৭ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেন।
*কিশোরকে উদ্ধার করতে গিয়ে মৃত্যুর কোলে ফায়ার সার্ভিস কর্মী
দিনাজপুরের বিরল উপজেলায় ঢেপা নদীতে নিখোঁজ এক কিশোরকে উদ্ধার করতে গিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের এক সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
মৃত আব্দুল মতিন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলাযর বাসিন্দা। তিনি রংপুর ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন।
দিনাজপুর ফায়ার সার্ভিসের কর্মী সাজেদুর রহমান জানান, শুক্রবার দিনাজপুর বিরলের ভদ্র বাজার সংলগ্ন ঢেপা নদীর ব্রিজের নিচে বুধু দেব শর্মা নামে এক কিশোর ডুবে যায়। তাকে উদ্ধার করতে রংপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল আসে। শনিবার সকাল থেকেই তারা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছিল।

