আজকের আলোচিত সেরা ১০ খবর,TOP TEN NEWS 30.8.2021 - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ৩০, ২০২১

আজকের আলোচিত সেরা ১০ খবর,TOP TEN NEWS 30.8.2021

TOP TEN


 * ফের কাবুলে বিমানবন্দরের কাছে বিস্ফোরণ


আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আবার বিস্ফোরণ হয়েছে।


রোববার স্থানীয় সময় বিকেলের দিকে এ ঘটনা ঘটেছে বলে খবর প্রকাশ করেছে বিবিসি।


বিবিসি জানায়, আজ রোববার বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 


বিবিসি এ খবরের সঙ্গে শফি করিমি নামের স্থানীয় এক সাংবাদিক টুইট যুক্ত করেছে। টুইট বার্তায় শফি করিমি লিখেছেন, বিমানবন্দরের কাছে একটি বাড়িতে রকেট হামলা হয়েছে।


টুইটের সঙ্গে শফি করিমি একটি ভিডিও যুক্ত করেন। ভিডিওতে বিস্ফোরণস্থলে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।


এর আগে কাবুলে বিমানবন্দরে আরো হামলার আশঙ্কা প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বিমানবন্দর ছাড়তে মার্কিনদের নির্দেশনাও দেন।


*দেশে করোনায় মৃত্যু ২৬ হাজার ছাড়াল


দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৮৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ১৫ জনে। 


রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৪৮ জন। এ নিয়ে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৯৩ হাজার ৫৩৭ জনে।


*বাংলাদেশ হবে বিশ্ব যোগাযোগের কেন্দ্রবিন্দু: প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে বাংলাদেশকে সারাবিশ্বের সঙ্গে যোগাযোগের একটা কেন্দ্র বিন্দুতে পরিণত করতে চায় তার সরকার। সেক্ষেত্রে, কক্সবাজার হবে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সি-বিচ ও পর্যটনকেন্দ্র এবং অত্যন্ত আধুনিক শহর।


রোববার সকালে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিকমানে উন্নীত করার লক্ষ্যে রানওয়ে সমুদ্রে সম্প্রসারণ কাজের উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি। গণভবন থেকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজার বিমানবন্দরের সঙ্গে ভার্চুয়ালি সংযুক্ত হন।


*মেডিকেল ভর্তি পরীক্ষার ফল কেন অবৈধ নয়: হাইকোর্ট


২০২০-২১ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার (এমবিবিএস) প্রকাশিত ফলাফল কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র আদালতে দাখিল করার নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।


রোববার হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। আগামী ১০ দিনের মধ্যে সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।


এদিন আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। তাকে সহযোগিতা করেন আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ কাওছার।


* মেট্রোরেলের পরীক্ষামূলক যাত্রা উত্তরা থেকে মিরপুর গেল মেট্রোরেল ট্রেন


স্বপ্নের মেট্রোরেলের আনুষ্ঠানিক ট্রায়াল শুরু হয়েছে। রাজধানীবাসীকে পরীক্ষামূলকভাবে ভায়াডাক্টের (উড়ালপথ) ওপর দিয়ে চালিয়ে দেখানো হয় ট্রেন।


রোববার দুপুর পৌনে ১২টার দিকে এমআরটি-৬ ডিপোতে এ পরীক্ষামূলক পরিচালনা ও পরীক্ষণের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


এ ‘ট্রায়াল রান’ উত্তরার দিয়াবাড়ী থেকে মিরপুর পর্যন্ত ঘণ্টায় ২৫ কিলোমিটার গতিতে করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ পরীক্ষামূলক চলাচলে চালকের আসনে ছিলেন একজন জাপানি নাগরিক।  


*এবার আসল ডেঙ্গুরও নতুন ভেরিয়েন্ট


দেশে এবার ডেঙ্গু ভাইরাসের নতুন একটি ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে। এর নাম ডেনভি-৩ । নতুন এই ধরনটিতেই বেশি আক্রান্ত হচ্ছেন রাজধানীবাসী। 


রোববার বেলা ১১টার দিকে ডেঙ্গু ভাইরাসের জিনোম সিকোয়েন্সিংয়ের তথ্য উন্মোচন অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।


বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রধান গবেষক ড. সেলিম খান জানান, ২০টি নমুনার জিনোম সিকোয়েন্স করে ডেঙ্গুর এই নতুন ধরন শনাক্ত করা হয়েছে।


*চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটের রেল যোগাযোগ ৭ ঘণ্টা পর স্বাভাবিক


কুমিল্লায় ট্রেন ও সবজিবাহী পিকআপের সংঘর্ষের সাত ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ শুরু হয়েছে। রোববার সকাল ৯টা ১৫ মিনিটে মহানগর এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে।


কুমিল্লা রেলওয়ের ঊধ্বতর্ন সহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনায় মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে।


*ভূতকে খাওয়ানো হলো ছাগলের জিহ্বা, তবু থামেনি তাণ্ডব


জামালপুরের সরিষাবাড়ীতে ভূতের তাণ্ডব থেকে মুক্তি পেতে কবিরাজের ঝাড়ফুঁকের পর ভূতকে খেতে দেওয়া হয়েছে দুটি ছাগলের জিহ্বা। কবিরাজের পরামর্শ- এমনটা করলেই থেমে যাবে ভূতের তাণ্ডব। তবে ঘটনা হয়েছে উল্টো।


বৃহস্পতিবার রাত থেকে ওই উপজেলার ডোয়াইল ইউনিয়নের বালিয়া গ্রামের চাঁন মিয়ার বাড়িতে ঝাড়ফুঁক চালান কবিরাজ সুরুজ বাঙালি। এরপর শনিবার ভূতকে খেতে দেন দুটি ছাগলের জিহ্বা। এরপর তাণ্ডব তো থামেইনি, উল্টো বেড়েছে। বাড়ির টিনের চালে ঢিল ছোঁড়া, মুরগি মেরে ঘরের দরজায় রাখা, চুলা ভেঙে ফেলা, এমনকি দফায় দফায় মূল্যবান কাগজ ও শরীরের পোশাকে আগুন লাগার ঘটনা ঘটছেই।



*স্বামীর পরকীয়ায় তছনছ সংসার, স্ত্রীর শরীরে কয়েলের ছ্যাঁকা

গৃহবধু স্বপ্না খাতুনের শরীরে অসংখ্য নির্যাতনের চিহ্ন। জ্বলন্ত কয়েলের ছ্যাকায় বাঁ হাতের ক্ষত এখনো পুরোপুরি সারেনি। তবু থেমে নেই নির্যাতন। যৌতুক না দিতে পারা ও স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় শ্বশুরবাড়ির লোকজনের অত্যাচারে বিষিয়ে উঠেছে তার জীবন।


স্বামীর নির্যাতনে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্বপ্না। সুস্থ হয়ে স্বামীর সংসারে ফেরার পর শ্বশুর, শাশুড়ি, ননদ ও দেবর তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এ অবস্থায় থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।


রোববার ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্বপ্না খাতুন ওই গ্রামের পল্লী চিকিৎসক বাবুল আক্তারের স্ত্রী।


*শাকিব খানকে কটাক্ষ করে সমালোচিত ওমর সানী


দেশসেরা চিত্রনায়ক শাকিব খানের পোস্টে মন্তব্য করে তোপের মুখে পড়েছেন আরেক চিত্রনায়ক ওমর সানী। 


শনিবার সন্ধ্যায় শাকিব খান নিজের ফেসবুকে পেজে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে একটি ইংরেজি উক্তি যুক্ত করেন। কিন্তু ফেসবুকে সেই ছবির মন্তব্যের ঘরে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ওমর সানী এসে নেতিবাচক মন্তব্য করেন। সেখানে ওমর সানী তার ফেসবুক আইডি থেকে মন্তব্য করেছেন, লেখা তো তোর না, কে লিখেছে ভাই ভালো থাকিস।


ওমর সানীর এমন কাণ্ডে শাকিব ভক্তদের একাংশ ভাবছেন ওমর সানী কটাক্ষ করেছেন শাকিবকে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলও হচ্ছে অনেক। দেশের একজন শীর্ষ নায়কের স্ট্যাটাসে প্রকাশ্যে এমন মন্তব্যকে শাকিব খানকে অপমান করছেন বলেই বলছেন সবাই। 


Post Top Ad

Responsive Ads Here