মঙ্গলবারের আলোটিত টপ টেন খবর -top ten news - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ১৭, ২০২১

মঙ্গলবারের আলোটিত টপ টেন খবর -top ten news



 * দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও আক্রান্ত বেড়েছে


দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৯৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৫৪৭ জনে।


মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৭ হাজার ৫৩৫ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লাখ ৩৩ হাজার ৩৯৬ জনে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১২ হাজার ৯৫০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ১৪ হাজার ৯১৬ জন।


*২০ আগস্ট থেকে ভারতের সঙ্গে ফ্লাইট চালু


আগামী ২০ আগস্ট থেকে ভারতের সঙ্গে আকাশপথে যোগাযোগ শুরু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।


তিনি বলেন, এয়ার বাবলের আওতায় দেশটির সঙ্গে আকাশপথে যোগাযোগ শুরু হবে। এয়ার বাবল ফ্লাইটে যাত্রীরা সরাসরি এক গন্তব্য থেকে ফ্লাইটে উঠে নির্দিষ্ট গন্তব্যে নামবেন। তৃতীয় কোনো বিমানবন্দরে ফ্লাইট অবতরণ করবে না। 


মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 


*দেশে একদিনে সর্বোচ্চ ডেঙ্গুরোগী হাসপাতালে


সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৩২৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একদিনে এটিই সর্বোচ্চ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হওয়ার রেকর্ড।


মঙ্গলবার বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৩২৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ঢাকার হাসপাতালেই ভর্তি হয়েছেন ৩০৬ জন।


*আশুরায় তাজিয়া মিছিল-শোভাযাত্রা নিষিদ্ধ


আগামী ২০ আগস্ট শুক্রবার পবিত্র আশুরা। এ উপলক্ষে সকল প্রকার তাজিয়া মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে সরকার। তবে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে আবশ্যক সব ধর্মীয় আচার-অনুষ্ঠান প্রতিপালিত হবে।


করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ সিদ্ধান্ত জানিয়েছে।


এক বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগের সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের গত ৬ আগস্টের জরুরি বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় দেশের বর্তমান প্রেক্ষাপটে সব ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে এর আগে আরোপিত বিধিনিষেধ বহাল থাকবে। একইসঙ্গে পবিত্র মহররম উপলক্ষে সকল প্রকার তাজিয়া মিছিল, শোভাযাত্রা, মিছিল ইত্যাদি বন্ধ থাকবে।


*বৃহস্পতিবার থেকে চলবে সব ট্রেন


 

বন্ধ থাকা দেশের আন্তঃনগর ও লোকালসহ সব ধরনের ট্রেন বৃহস্পতিবার থেকে চলাচল পূর্ণমাত্রায় শুরু হচ্ছে। এদিন থেকে বন্ধ থাকা ডেমু ট্রেন আবার চলাচল শুরু হবে।


রেলওয়ে সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র জানায়, বিধিনিষেধে শিথিল হওয়ায় গত ১১ আগস্ট থেকে রেলওয়ের ৩৬ জোড়া আন্তঃনগর ট্রেনের চলাচল শুরু হয়েছিল। বৃহস্পতিবার থেকে আরো ১২ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হচ্ছে‌।


২০ জোড়া কমিউটার ও অন্যান্য লোকাল ট্রেন গত ১১ আগস্ট থেকে চলাচল শুরু হয়েছিল। আগামী বৃহস্পতিবার থেকে তার সঙ্গে আরো ২৪ জোড়া কমিউটার, লোকাল ও ডেমু ট্রেন চলাচল শুরু হচ্ছে।


*ই-অরেঞ্জের মালিক সোনিয়া ও তার স্বামী কারাগারে

 

১১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।


মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আবুবকর ছিদ্দিকের আদালত তাদের কারাগারে পাঠানোর এই আদেশ দেন। 


এর আগে, আসামি সোনিয়া ও তার স্বামী আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।


*জামিন পেলেন হেলেনা জাহাঙ্গীর




 

রাজধানীর পল্লবী থানার টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের মামলায় আলোচিত হেলেনা জাহাঙ্গীরের জামিন দিয়েছেন আদালত।  


মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমানের আদালত এই জামিন মঞ্জুর করেন। সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।


এদিন এ মামলায় হেলেনা জাহাঙ্গীরের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। 


*নাসিরকে বারবার লাখো ভোল্টের খাম্বায় ওঠায় জিন, আজান দিয়ে নামায় ফায়ার সার্ভিস


 

নাম তার নাসির। তবে বেশিরভাগ মানুষ ‘টাওয়ার নাসির’ হিসেবে চেনেন। এ নামে চেনার কারণও রয়েছে। যিনি প্রাণের ভয় না করেই হুটহাট হাজারো ভোল্টের বিদ্যুতের খুঁটিতে উঠে যান। কিন্তু নিজের ইচ্ছায় না, ওঠান জিনেরা। তাকে নামাতে প্রয়োজন হয় ফায়ার সার্ভিস কিংবা পুলিশের।


ফায়ার সার্ভিসের লোকজন এসে কখনো দেন আজান, কখনো বিস্কুট-পাউরুটি দেখান আবার কখনো মায়ের কথা বলেন। বিভিন্ন কৌশলে তাকে নামানো হয়। এভাবে এক নয়, একাধিকবার বিদ্যুতের খুঁটিতে উঠে যাওয়ার ঘটনা ঘটিয়েছেন নাসির।


নাসিরের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায় হলেও বর্তমানে বাবার সঙ্গে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার বউ বাজার মেহমান কলোনিতে থাকেন।


সর্বশেষ ৮ আগস্ট নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট বাস টার্মিনালের বিপরীতে এক লাখ ৩২ হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটির ওপরে উঠে যান নাসির। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। এরপর আজান দিয়ে তাকে নামানো হয়।


*৮ মাস সংসার করে উধাও প্রেমিক, স্ত্রীর মর্যাদা না পেলে জীবন দেবেন তরুণী


দীর্ঘদিনের প্রেম। স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া বাসায় একসঙ্গে থাকেন কয়েক মাস। তবে হঠাৎ উধাও হয়ে যান প্রেমিক। পাগলের মতো খুঁজেও ভালোবাসার মানুষটির সন্ধান পাননি প্রেমিকা। শেষমেশ নিরুপায় হয়ে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশনে বসেন প্রেমিকা। স্ত্রীর মর্যাদা না পেলে নিজের জীবন দেওয়ারও হুমকি দিয়েছেন ভুক্তভোগী তরুণী।


নেত্রকোনার মদনে এমন দাবিতেই অনশন করছেন এক তরুণী। প্রেমিকের নাম দেলোয়ার হোসেন সৈকত। তিনি উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামের হারেছ মিয়ার ছেলে। মঙ্গলবার থেকে তার বাড়িতেই অনশনে বসেন ভুক্তভোগী তরুণী।


সৈকতের পরিবারের সদস্যরা জানান, প্রায় এক বছর ধরে ছেলের খোঁজখবর জানেন না তারা। তবে প্রায় ২০-২৫ দিন আগে সৈকত সৌদি আরবে চলে গেছেন বলে নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান।


*ডাকাত বলে চিৎকার দিয়ে পুলিশের ওপর হামলা, গ্রেফতার ২


বগুড়ার সারিয়াকান্দিতে চাঁদাবাজি মামলার আসামিকে ধরতে গেলে ডাকাত বলে চিৎকার দিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পৌর কাউন্সিলর আপেল মাহমুদ রনিসহ তার বড়ভাই হিরোক আহম্মেদ জনিকে গ্রেফতার করেছে পুলিশ।


মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার মধ্যরাতে উপজেলার কুপতলা সাহাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতার কাউন্সিলর রনি সারিয়াকান্দি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর।

Post Top Ad

Responsive Ads Here