সময় সংবাদ ডেস্কঃ
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আফগান পরিস্থিতি এখনো আমরা পর্যবেক্ষণ করছি। দেশটির সরকারের অবস্থান, নীতি দেখে আমরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবো।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ভারত ও পাকিস্তানের আফগান নীতি দেখে সিদ্ধান্ত নেয়া হবে না। আমাদের সিদ্ধান্ত, আমাদের মতো করেই নেবো।
যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপি নেতা তারেক রহমান ও যুদ্ধাপরাধীদের ফিরিয়ে আনার বিষয়ে কোনো অগ্রগতি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা একটি আইনগত দিক। এটা নিয়ে আমার কাছে কোনো অগ্রগতি নেই।
ড. মোমেন বলেন, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ তাদের বার্ষিক মানবাধিকার রিপোর্টে বাংলাদেশ নিয়ে তথ্য দেয়, সেটা অপরিপক্ব। এই ধরনের রিপোর্ট দুঃখজনক। আমাদের আহ্বান, তারা যেন সঠিক তথ্য প্রকাশ করে।
তিনি বলেন, যুক্তরাজ্যে প্রবেশে লাল তালিকা থেকে বাংলাদেশিদের বাদ দেওয়ার জন্য আমরা তাদের অনুরোধ করেছি।
উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ইউরোপের তিন দেশে ১০ দিন সফর শেষে আজ সকালে ঢাকায় ফিরেছেন।

