একসাথে আজকের সব খবর - top ten news - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, সেপ্টেম্বর ১০, ২০২১

একসাথে আজকের সব খবর - top ten news


 

* যমুনা নদীতে নৌকা থেকে পড়ে দুই নারীর মৃত্যু, নিখোঁজ ৪


সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদী পারাপারের সময় স্রোতে নৌকা কাত হয়ে পানিতে পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো চারজন।


বৃহস্পতিবার বিকেলে ওই উপজেলার এনায়েতপুরে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- জামালপুরের ইসলামপুর উপজেলার পাতাশী গ্রামের মোছা. ঝিলিমন ও দেওয়ানগঞ্জ উপজেলার খোরমা মধ্যপাড়া গ্রামের মোছা. ফুল বেগম।


এছাড়া মোহাম্মদ লালন নামে একজনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।


জানা গেছে, জামালপুর থেকে এনায়েতপুর খাজা ইউনুস আলীর মাজারে আসছিলেন তারা।


*৪২তম বিসিএসের ফল প্রকাশ, ৪ হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ


৪২তম বিশেষ বিসিএসের (বাংলাদেশ সিভিল সার্ভিস) চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর মাধ্যমে সরকারি হাসপাতালগুলোতে ৪ হাজার প্রার্থীকে চিকিৎসক নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়েছে।


সরকারি কর্ম কমিশন (পিএসসি) বৃহস্পতিবার বিকেলে এ ফল প্রকাশ করে।


পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার পিএসসির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে ৪ হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ করা হয়েছে। বিস্তারিত ফলাফল পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।


এর আগে ২৯ মার্চ ৪২তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে মোট ৬ হাজার ২২ জন প্রার্থী উত্তীর্ণ হন।




*আরো ৩১৭ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি 


দেশে  বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরো ৩১৭ জন নতুন ডেঙ্গুরোগী পাওয়া গেছে। নতুন রোগীদের মধ্যে ২৫৯ জন ঢাকায় এবং বাকি ৫৮ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগের বলে স্বাস্থ্য অধিদফতরের হেল্থ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে।


কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, বর্তমানে এক হাজার ২৪৫ জন ডেঙ্গুরোগী সারাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে এক হাজার ৭৫ জন রোগীকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।


*করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে


সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৭৯৪ জনে। এ সময় নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৫৮৮। আগের দিনের তুলনায় করোনায় মৃত্যু ও রোগী শনাক্ত বেড়েছে। 


বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ২ হাজার৫৮৮ জন। এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ২৪ হাজার ৮৯০ জনে।


*ভেঙে পড়েছে আমিনবাজারের বেইলি ব্রিজ, নৌপথ বন্ধ


রাজধানীর গাবতলী এলাকার আমিনবাজার-আশুলিয়া নৌপথের আমিনবাজারে অবস্থিত পুরাতন লোহার বেইলি ব্রিজ ভেঙে গিয়ে নদীতে পড়েছে। এতে ওই রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। 


বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক এ তথ্য নিশ্চিত করেছেন।


এ ঘটনায় বিআইডব্লিউটিএ সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছে। বলা হয়েছে, সংশ্লিষ্ট সব নৌযানের মালিক/মাস্টার/ড্রাইভারসহ নৌ-অপারেটরদের জানানো যাচ্ছে, আমিনবাজার-আশুলিয়া নৌপথের আমিনবাজার পুরাতন লোহার বেইলি ব্রিজ নদীতে ভেঙে পড়ায় নৌপথটি নৌ চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।


*নির্বাচনের আগেই দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী



আগামী নির্বাচনকে সামনে রেখে দলকে তৃণমূল পর্যায় থেকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নির্বাচন আসছে, কাজেই দলকে আরো শক্তিশালী করে তোলার বিষয়ে আমাদের মনোযোগী হতে হবে।


বৃহস্পতিবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভার প্রারম্ভিক ভাষণে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে দলের এই সভা অনুষ্ঠিত হয়।


*আফগান পরিস্থিতি এখনো পর্যবেক্ষণ করছি: পররাষ্ট্রমন্ত্রী


পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আফগান পরিস্থিতি এখনো আমরা পর্যবেক্ষণ করছি। দেশটির সরকারের অবস্থান, নীতি দেখে আমরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবো।


বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।


মন্ত্রী বলেন, ভারত ও পাকিস্তানের আফগান নীতি দেখে সিদ্ধান্ত নেয়া হবে না। আমাদের সিদ্ধান্ত, আমাদের মতো করেই নেবো।


যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপি নেতা তারেক রহমান ও যুদ্ধাপরাধীদের ফিরিয়ে আনার বিষয়ে কোনো অগ্রগতি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা একটি আইনগত দিক। এটা নিয়ে আমার কাছে কোনো অগ্রগতি নেই।


*এক স্বামীতে হয় না তার, অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে খেলেন ‘গেম’


দীর্ঘদিন ধরে পুরুষদের বিয়ের ফাঁদে ফেলে করছিলেন প্রতারণা। আর সেই প্রতারণার বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করায় এক স্বামীকে নারী নির্যাতন ও যৌতুকের মামলায় ফাঁসানোর হুমকি দেন। এমনই অভিযোগ উঠেছে একাধিক নাম-জাতীয় পরিচয়পত্র ও একাধিক স্বামী-প্রেমিক নিয়ে আলোচনায় আসা সেই নারীর বিরুদ্ধে।


হুমকি সত্ত্বেও বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালতে ওই নারীর বিরুদ্ধে মামলা করেন স্বামী প্রবাসী ইমাম হোসেন। মামলাটি এজাহার হিসেবে নিতে বায়েজিদ বোস্তামী থানাকে নির্দেশ দেয় আদালত। মামলায় ওই নারী ছাড়াও মোস্তফা জামিল ও রাশেদ নামে আরো দুজনকে আসামি করা হয়।


*মহাকাশ ঘুরে পৃথিবীর বুকে ফিরল বাংলাদেশের ধনিয়া বীজ



বাংলাদেশের ধনিয়া বীজ এরই মধ্যে নাসার মাধ্যমে আন্তর্জাতিক স্পেস স্টেশনে জাপানের কিবো (কওইঙ) মডিউলে ছয় মাস অবস্থান করে ফিরে এসেছে পৃথিবীর বুকে। এসব বীজের বিভিন্ন দিক তুলে ধরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি-এনআইবি।


বুধবার সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির সেমিনার কক্ষে এশিয়ান হার্বস ইন স্পেস শীর্ষক মহাকাশ জীববিজ্ঞান গবেষণায় এনআইবির মাধ্যমে বাংলাদেশের অংশগ্রহণ সম্পর্কে অবহিত করার উদ্দেশ্যে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


*জয়পুরহাটে একসঙ্গে জন্ম নিল তিন ভাই-বোন


জয়পুরহাটে বিলকিস বেগম নামে এক গৃহবধূ একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। তিন নবজাতকের মধ্যে দুটি ছেলে ও একটি মেয়ে।


বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে শিশু তিনটির জন্ম হয়।


প্রসূতি বিলকিস বেগম নওগাঁঁর ধামইরহাট উপজেলার বড়থা গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী।


সদ্যজাত তিন শিশুর বাবা সাইফুল ইসলাম বলেন, আজ আমার আনন্দের শেষ নেই। আল্লাহ সফলভাবে আমাকে তিন সন্তানের মুখ দেখিয়েছেন। আপনারা আমার সন্তানসহ পরিবারের সকলের জন্য দোয়া করবেন। আমার স্ত্রী ও তিন সন্তান সুস্থ আছে।

Post Top Ad

Responsive Ads Here