সময় সংবাদ ডেস্কঃ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আশাবাদ ব্যক্ত করেছেন, টরেন্টো বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এ বছরের নভেম্বরের মাঝামাঝি থেকে ই-পাসপোর্ট সেবা চালু করতে সক্ষম হবে।
তিনি বলেন, ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগ এ নিয়ে কাজ করছে এবং ই-পাসপোর্টের জন্য প্রয়োজনীয় সেট-আপ নভেম্বরের মাঝামাঝি নাগাদ কনস্যুলেট জেনারেলে স্থাপন করা সম্ভব হবে। বর্তমানে কনস্যুলেট জেনারেল মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রদান করে যাচ্ছে।
কানাডার টরেন্টো সফরকালে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
শাহরিয়ার আলম বলেন, ২০২১ সাল বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। এ সময় বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হচ্ছে। এ চেতনায় তিনি কনস্যুলেটকে সেবা প্রদান, প্রবাসীদের প্রত্যাশা পূরণ এবং টরেন্টোতে কনস্যুলেট জেনারেলের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার ক্ষেত্রে বর্তমান গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রতিমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার কানাডার সঙ্গে বাংলাদেশের দ্বি-পাক্ষিক সম্পর্ককে বিশেষ গুরুত্ব প্রদান করে। তিনি দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন সুযোগ ও কানাডার বিভিন্ন কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য বাংলাদেশের মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত পর্যায়ে থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসাহিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
কনসাল জেনারেল নাঈম উদ্দিন আহমেদ এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে মিশনের ডিজিটাইজড কনস্যুলার সার্ভিস সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। এর মাধ্যমে বর্তমানে টরেন্টোর বাংলাদেশ কনস্যুলেট স্বল্প সময়ে স্বয়ংক্রিয় আধুনিক ডিজিটাইজড পদ্ধতিতে উন্নত কনস্যুলার সেবা প্রদান করছে।

