জেলা প্রতিনিধিঃ
সাভারের আশুলিয়ায় পরকীয়ার সন্দেহে স্ত্রীকে কুপিয়ে ও গলা কেটে হত্যার চেষ্টা করেছেন স্বামী। পরে নিজের শরীরে গরম পানি ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। খবর পেয়ে গ্রামবাসী স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। অভিযুক্ত স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে আশুলিয়ার জিরানী এলাকায় এ ঘটনা ঘটে। স্বামী মোর্শেদ ও স্ত্রী লাইলী বেগমের গ্রামের বাড়ি নাটোরে। বর্তমানে আশুলিয়ায় পোশাক কারখানায় কাজ করেন লাইলী। মোর্শেদ ভাঙ্গারি ব্যবসা করেন। ২০০৯ সালে তাদের পারিবারিকভাবে বিয়ে হয়। তারা আফজাল হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, সকালে পারিবারিক কলহের জের ধরে স্বামী মোর্দশেদ মিয়া ধান কাটার কাঁচি দিয়ে স্ত্রীকে গলাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করেন। পরে মোর্দশেদ নিজের শরীরে গরম পানি ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থল থেকে তাকে আটক করে গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। স্ত্রীকে গুরুতর জখম অবস্থায় পার্শ্ববর্তী শেখ ফজিলাতুন নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়।
আশুলিয়া থানার এসআই কাউছার হামিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- স্ত্রীর পরকীয়া সম্পর্কের সন্দেহে স্বামী তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করেন ও পরে তিনি নিজের শরীরে গরম পানি ঢেলে আত্মহত্যার চেষ্টা চালান। স্বামীকে আটক করা হয়েছে।
