দেশের উন্নয়ন করতে হলে দেশ প্রেম থাকতে হবে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ১৭, ২০২১

দেশের উন্নয়ন করতে হলে দেশ প্রেম থাকতে হবে


 

সময় সংবাদ ডেস্কঃ



প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেছেন, দেশের উন্নয়ন করতে হলে নিষ্ঠাবান হতে হবে। দেশপ্রেম থাকতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা নিয়ে কাজ করলেই উন্নয়ন হতে পারে।

বুধবার টাঙ্গাইল-৭ আসনের এমপি, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেনের মৃত্যুতে সংসদে আনিত শোকপ্রস্তাবের ওপর আলোচনায় এসব কথা বলেন তিনি।


মো. একাব্বর হোসেন গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


প্রধানমন্ত্রী বলেন, তার মৃত্যুতে বাংলাদেশের জন্য এবং আওয়ামী লীগের রাজনীতির জন্য অনেক বড় একটা ক্ষতি। কেননা একাব্বরের মতো একজন নিষ্ঠাবান ও সৎ রাজনীতিবিদকে আমরা হারালাম।



তিনি বলেন, আমাদের দেশের অবকাঠামো উন্নয়নে এবং সড়ক ও সেতু নির্মাণে যে সাফল্য অর্জন করতে পেরেছি সেখানেও একাব্বর হোসেনের একটা সক্রিয় ভূমিকা রয়েছে। অসুস্থ অবস্থায় সংসদের এই সেশনেও তার কমিটির একটি বিল সংসদে উত্থাপন এবং পাস হয়।


তিনি বলেন, ভবিষ্যতে দলকে যেমন নেতৃত্ব দেওয়া এবং দেশের উন্নয়নে যারা অবদান রাখবেন এমন একজন সংসদ সদস্যকেই আমরা হারালাম। সেটাই সবচেয়ে দুঃখজনক। আর এ রকম একের পর একজনকে আমরা হারাচ্ছি।


প্রধানমন্ত্রী বলেন, সরকার করোনার এর মতো বিশ্বব্যাপী চলমান দুর্যোগ মোকাবেলা করে দেশের মানুষের জীবনযাত্রা সচল রাখতে সক্ষম হয়েছে। যেটা বিশ্বে সবাই মনে করে এবং বলে। যদিও বিশ্বে অনেক উন্নত দেশে এখন খাদ্যাভাব রয়েছে। সম্প্রতি তিনি লন্ডন সফরকালেও দেখেছেন সুপার মার্কেটে অনেক জিনিস পাওয়া যাচ্ছে না, সাপ্লাই নেই। অথচ ছোট্ট ভূখণ্ডের এবং অধিক জনসংখ্যার এই দেশের গ্রাম পর্যায় পর্যন্ত খাদ্যের হাহাকার নেই।


অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সরকারি দলের সদস্য মতিয়া চৌধুরী, আবদুস সোবহান মিয়া, বেনজির আহমেদ, আনোয়রুল আবেদীন খান ও বিরোধী দলের চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা।


পরে মরহুমের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে তার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সরকারি দলের সদস্য এনামুল হক।


এরপরই সংসদের রেওয়াজ অনুযায়ী দিনের সব কর্মসূচি স্থগিত করে বৈঠক মুলতবি করা হয়

Post Top Ad

Responsive Ads Here