জেলা প্রতিনিধিঃ
ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরো পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা খন্দকারপাড়া ও কুট্টাপাড়া ডাইনপাড়ার মানুষজনের মধ্যে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে সব আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
আহত ব্যক্তিরা হলেন- সরাইল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম নামে আরেক এসআই, পুলিশ সদস্য জামাল উদ্দিন, আশরাফুল ইসলাম ও শাহিদুল ইসলাম। আহত অন্য ব্যক্তিরা হলেন- রাজন মিয়া (২৫), আমিনা বেগম (২৫), সজিব মিয়া ও আমির খন্দকার। তারা সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সৈয়দটুলা খন্দকারপাড়া ও কুট্টাপাড়া ডাইনপাড়ার কিশোরদের মধ্যে বিরোধ লাগে। কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। এ সময় ডাইনপাড়ার সজিব মিয়াকে (১৯) মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়। এরই জের ধরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে নেমে পড়ে। এতে অন্তত ২০ জন আহত হয়েছে। এর মধ্যে ৫ পুলিশ সদস্যও রয়েছ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুজন কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।
