মিয়ানমারে নারী ও শিশুসহ ৩০ জনের বেশি মানুষকে হত্যা করা হয়েছে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ২৬, ২০২১

মিয়ানমারে নারী ও শিশুসহ ৩০ জনের বেশি মানুষকে হত্যা করা হয়েছে

 





আন্তর্জাতিক ডেস্কঃ


মিয়ানমারে নারী ও শিশুসহ ৩০ জনের বেশি মানুষকে হত্যা করা হয়েছে। দেশটির কায়া প্রদেশে সেনা ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে। স্থানীয় মানবাধিকার গোষ্ঠী, গণমাধ্যম ও একজন বাসিন্দার বরাত দিয়ে শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা এসব তথ্য জানিয়েছে।


কারেনি মানবাধিকার সংগঠন জানিয়েছে, শনিবার তারা হাপ্রুসো শহরের মো সো গ্রামের কাছে মিয়ানমার সেনাবাহিনীর হাতে নিহত বৃদ্ধ, নারী, শিশুসহ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের পোড়া মৃতদেহ খুঁজে পেয়েছে।



সংগঠনটি তাদের ফেসবুক পেজে এক বার্তায় বলেছে, ‘আমরা এমন অমানবিক ও নৃশংস এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। এই ঘটনায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। ’

মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সেনাবাহিনীর বরাত দিয়ে বলেছে, সেনাবাহিনী ওই গ্রামে বিরোধী সশস্ত্র বাহিনীর বেশ কয়েকজন ‘অস্ত্রধারী সন্ত্রাসী’কে গুলি করে হত্যা করেছে। অস্ত্রধারীরা সাতটি গাড়িতে ছিলেন এবং সামরিক বাহিনীর নির্দেশের পরও তারা থামেননি।



মানবাধিকার গোষ্ঠী এবং স্থানীয় গণমাধ্যমের শেয়ার করা ছবিতে পোড়া লাশ দেখা গেছে। মিয়ানমারের জান্তাবিরোধী বেসামরিক মিলিশিয়াদের অন্যতম বড় বাহিনী ‘কারেনি ন্যাশনাল ডিফেন্স ফোর্স’ বলেছে, নিহতরা তাদের সদস্য নন, বরং সহিংসতা থেকে বাঁচতে আশ্রয়ের খোঁজে থাকা সাধারণ মানুষ।


নাম প্রকাশ না করার শর্তে কারেনি ফোর্সের এক কমান্ডার রয়টার্সকে বলেন, ‘নারী-শিশুসহ বিভিন্ন আকৃতির মানুষের মৃতদেহ দেখে আমরা স্তম্ভিত হয়েছি। ’


এক গ্রামবাসী বলেন, শুক্রবার রাতে আগুন লাগার বিষয়টি তিনি টের পেয়েছিলেন।


কিন্তু গোলাগুলি চলছিল বলে কী হচ্ছে তা দেখতে তিনি ঘটনাস্থলে যেতে পারেননি।

ফোনে রয়টার্সকে তিনি বলেন, ‘আজ (শনিবার) সকালে ঘটনা দেখতে গিয়েছিলাম। গিয়ে দেখি পুড়ে যাওয়া মৃতদেহ। শিশু, নারীদের কাপড় চারপাশে ছড়িয়ে আছে। ’


প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের অং সান সু চির নেতৃত্বাধীন বেসামরিক সরকারকে অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী।


এরপর থেকেই দেশটিতে সামরিক জান্তাবিরোধী বিক্ষোভ-প্রতিবাদ চলে আসছে।

Post Top Ad

Responsive Ads Here