আইনশৃঙ্খলার মারাত্মক ও চরম অবনতি, মোট প্রাণ গেল ৫ জনের, নৈরাজ্য ছড়িয়ে পড়েছে গোটা উপজেলায়
হাসানুর রহমান ,ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। ৫ম ধাপের ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় কল্লোল খন্দকার (৪০) নামের একজন কে প্রকাশ্যে পিটিয়ে ও হাতুড়ি পেটা করে হত্যা করা হয়েছে। সন্ত্রাসী হামলাকারীদের ধাওয়ায় ২ কিলোমিটার দৌড়ে পালানোর চেষ্টা করেও রক্ষা পায়নি কল্লোল। এসময় আরো ২জন আশংকাজনক ভাবে আহত হয়েছেন। শনিবার দুপুর ১২ টার পরে উপজেলার বগুড়া ইউনিয়নের বগুড়া গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত কল্লোল বগুড়া গ্রামের মৃত আকবর খন্দকারের ছেলে এবং বগুড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলামের সমর্থক বলে জানান এলাকাবাসী। বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত চেয়ারম্যান জেলা যুবলীগ নেতা শফিকুল ইসলাম শিমুলের সমর্থকরা এ হত্যাকান্ড চালায় বলে নিহতের পরিবারের অভিযোগ। গ্রামের মাঠে পেয়াজ লাগানোর সময় হামলার শিকার হন তিনি। হাসপাতালে আনা হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করেন। পুলিশ ও গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে নির্বাচন পরবর্তী সহিংসতায় উপজেলার বগুড়া গ্রামে প্রাণহানী ঘটেছে। এই নিয়ে শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় মোট প্রাণ গেল ৫ জনের। ইউনিয়নে ইউনিয়নে চলছে বাড়ি-ঘর ভাংচুর, লুটপাট, রয়েছে আরো নৈরাজ্য ও প্রাণহানীর আশংকা।
মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ
