| ছবি: বরিস জনসন |
নিজস্ব প্রতিবেদকঃ
করোনাভাইরাস মোকাবিলায় জারি করা লকডাউনের মধ্যেই নিজের সরকারি বাসায় সরকারের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে মদ্যপানের পার্টি আয়োজনের ঘটনায় ক্ষমা চেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
বুধবার (১২ জানুয়ারি) ব্রিটেনের পার্লামেন্টে দেয়া এক বক্তব্যে স্বাস্থ্যবিধি না মেনে আয়োজন করা ওই পার্টির জন্য ক্ষমা চান তিনি।
তিনি বলেন, মি. স্পিকার, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি তাদের কাছেও দুঃখিত যারা গত ১৮ মাস ধরে বিভিন্ন ত্যাগ স্বীকার করেছেন। চলমান তদন্তের ফলাফল কি হবে তা আমি অনুমান করতে পারছি না, তবে আমার উচিত কৃতকর্মের দায়িত্ব নেয়া।
সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বরিস জনসন স্বীকার করেছেন তিনি সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে 'ব্রিং ইউর ওন বুজ' বা 'আপনার নিজের মদ আনুন' পার্টিতে যোগদান করেন।
বরিস বলেন, আমি বুঝি আমার নেতৃত্বের সরকারকে নিয়ে তারা আমার প্রতি ক্ষুব্ধ, কেননা তারা ভাবছে যখন ডাউনিং স্ট্রিটে নিয়মগুলো যারা তৈরি করে তারাই তা সঠিকভাবে মানছে না।
পার্লামেন্টে বরিস আরো বলেন, আমি ২০২০ সালের ২০ মে ওই গার্ডেনে সন্ধ্যা ৬ টার পর গিয়েছিলাম স্টাফদের ধন্যবাদ দিতে। সেখানে তিনি ২৫ মিনিট অবস্থান করেন বলে জানান এরপর তিনি তার কার্যালয়ে ফিরে যান তার কাজ চালিয়ে যেতে।
বিরোধী নেতা কেইর স্টারমার বলেন, জনসনের এখন অবশ্যই পদত্যাগ করা উচিত এবং জনগণ এখন ভাবে তিনি একজন মিথ্যাবাদী।
তবে বিরোধী নেতার এই দাবি প্রত্যাখ্যান করেছেন বরিস।
২০২০ সালে বরিস জনসন লকডাউন ভেঙ্গে যে পার্টি করেছেন সম্প্রতি ফাঁস হওয়া এক মেইলে এই তথ্য জানা গেছে। বৃটিশ আইটিভি এই মেইল প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়েছে, ওই পার্টিতে অন্তত ১০০ জনকে আমন্ত্রণ জানানো হয়। তবে সে দিন প্রায় ৪০ জন অংশ নেন। যাদের মধ্যে প্রধানমন্ত্রী বরিস জনসন এবং তার স্ত্রী ক্যারি সিমন্ডসও উপস্থিত ছিলেন। ২০২০ সালের ২০ মে আয়োজন করা হয় ওই পার্টির। সে সময় দেশটিতে একাধিক ব্যক্তির সঙ্গে দেখা করা নিষিদ্ধ ছিল।
আইটিভির খবর, দেশটির প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারি মার্টিন রেনল্ডস ডাউনিং স্ট্রিটের ওই পার্টিতে অংশ নিতে ১০০ এর বেশি জনকে মেইল করেন। এসবের মধ্যে রয়েছেন বরিসের উপদেষ্টা, বক্তৃতা লেখক এবং দরজার স্টাফ।
