নাটোর জেলা আ.লীগের সভাপতি এমপি কুদ্দুস, সা.সম্পাদক উপজেলা চেয়ারম্যান রমজান | সময় সংবাদ |
নাটোর প্রতিনিধি:
নাটোর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি পদে পূণরায় নাটোর-৪ আসনের সাংসদ অধ্যাপক আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক পদে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান নির্বাচিত হয়েছেন। রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেলে নাটোর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তারা নির্বাচিত হন।
সভপতি পদে অধ্যাপক আব্দুল কুদ্দুস, আহাদ আলী সরকার ও আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক পদে শরিফুল ইসলাম রমজান, শফিকুল ইসলাম শিমুল, সৈয়দ মুর্তুজা বাবলু ও মালেক শেখ প্রতিদ্বন্দ্বিতা করেন।
তবে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরুর আগে সভাপতি পদ থেকে আহাদ আলী সরকার ও আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক পদ থেকে শফিকুল ইসলাম শিমুল, সৈয়দ মুর্তুজা বাবলু ও মালেক শেখ তাদের প্রর্থীতা প্রত্যাহার করেন। ফলে সভাপতি পদে অধ্যাপক আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক পদে শরিফুল ইসলাম রমজান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এর আগে নাটোর শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপির সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপ্রতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম কায়রুজ্জামান লিটন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাসান মাহমুদ, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, সদস্য বেগম আকতার জাহান এবং প্রফেসর মেরিনা জাহান এমপি।
