
"পথেই শেষ পুরো পরিবার | সময় সংবাদ"
রাজবাড়ী প্রতিনিধি
মামলার হাজিরা দিতে অটোরিকশায় করে আদালতে যাচ্ছিলেন একই পরিবারের ছয়জন। কিন্তু আদালতে যাওয়া হলো না তাদের। পথেই পুরো পরিবারকে শেষ করে দিল ঘাতক ট্রাক।
বুধবার সকাল ৯টার দিকে রাজবাড়ীর কালুখালী উপজেলার রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের ৬০ বছর বয়সী মশিরন বিবি, ৪০ বছরের মরিয়ম, ছয় বছরের ইউসুফ, ৯ বছরের নয়ন, ২০ বছরের শিলা, ৪০ বছরের মর্জিনা ও অটোচালক ৩৫ বছরের মো. নাসির।
সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা জানান, রাজবাড়ী আদালতে মামলার হাজিরা দেওয়ার জন্য একই পরিবারের ছয়জন অটোরিকশায় যাচ্ছিলেন। রেলগেট এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এরপর অটোর পেছনে থাকা প্রাইভেটকারেও ধাক্কা লাগে ট্রাকটির। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। আহতদের কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আরো তিনজন মারা যান। এ ঘটনায় ট্রাকটি উদ্ধার করা গেলে চালক ও তার সহযোগী পালিয়ে গেছেন।
