
সালথায় রাত ৮টার পর দোকান খোলা রাখায় জরিমানা
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় রাত ৮ টার পরে দোকান খোলা রাখায় চাঁদনী কনফেকশনারী নামক এক দোকানীকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ১ হাজার টাকা জরিমানা ও আদায় করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মো: আকতার হোসেন শাহিন।
সোমবার (৩১ অক্টোবর) রাত ৮ টার দিকে সালথা সদরে অবস্থিত সালথা বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শেখ সাদিক, সহকারী কমিশনার (ভূমি) মো: সালাহউদ্দিন আইয়ূবী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আকতার হোসেন শাহিন বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার মধ্যে সকল মার্কেট ও দোকানপাট বন্ধ নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়েছে। প্রাথমিক ভাবে আমরা রাত ৮ টার মধ্যে দোকান বন্ধ করতে বোঝাতে চেষ্টা করছি। দিন দিন আমরা আরো কঠোর হবো।
এ সময় সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী ও সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।
