চট্টগ্রামের আনোয়ারায় গড়ে উঠছে চীনা শিল্পাঞ্চল, মিলবে ১ লাখ কর্মসংস্থান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুলাই ২৬, ২০২৬

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে উঠছে চীনা শিল্পাঞ্চল, মিলবে ১ লাখ কর্মসংস্থান

 

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে উঠছে চীনা শিল্পাঞ্চল, মিলবে ১ লাখ কর্মসংস্থান
চট্টগ্রামের আনোয়ারায় গড়ে উঠছে চীনা শিল্পাঞ্চল, মিলবে ১ লাখ কর্মসংস্থান


চট্টগ্রাম প্রতিনিধি: 

চট্টগ্রামের আনোয়ারায় দেশের অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগভিত্তিক শিল্প প্রকল্প চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড)-এর আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে আগামী সোমবার (২৭ জুলাই)। বাংলাদেশ ও চীনের সরকার-টু-সরকার (জি-টু-জি) যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন এ প্রকল্পকে ঘিরে দেশের শিল্পায়ন, বৈদেশিক বিনিয়োগ এবং কর্মসংস্থানে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


এছাড়া অনুষ্ঠানে চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের (ঈজইঈ) প্রেসিডেন্ট, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশি-বিদেশি বিনিয়োগ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।


কর্ণফুলী নদীর পূর্ব তীরে প্রায় ৭৮৩ একর জমির ওপর গড়ে উঠছে এই শিল্পাঞ্চল। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ সাব-লিজ চুক্তি স্বাক্ষর, সিইআইজেডের অফিসিয়াল স্লোগান উন্মোচন, ওয়ান-স্টপ সার্ভিসের উদ্বোধন এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।


সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রকল্পটির সহায়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০৩১ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৮৯ কোটি টাকা।


প্রকল্পের অর্থায়নের মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ১ হাজার ৭২২ কোটি টাকা এবং চীনের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের প্রেফারেনশিয়াল বায়ার্স ক্রেডিট (চইঈ) সুবিধার আওতায় ২ হাজার ৪৬৭ কোটি টাকা ঋণ হিসেবে পাওয়া যাবে।


এই প্রকল্পের আওতায় অভ্যন্তরীণ সড়ক, বিদ্যুৎ উপকেন্দ্র, পানি সংরক্ষণাগার, গ্যাস সঞ্চালন ব্যবস্থা, তরল বর্জ্য শোধনাগারসহ আধুনিক শিল্প অবকাঠামো নির্মাণ করা হবে।


চট্টগ্রাম বন্দর ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী হওয়ায় সিইআইজেড কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে গড়ে উঠছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রকল্পটি চালু হলে অন্তত ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট হবে।


এছাড়া শিল্পাঞ্চলটি চালু হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এক লাখের বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।


সংশ্লিষ্টরা মনে করছেন, চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রাম দেশের অন্যতম আধুনিক শিল্প, বাণিজ্য ও লজিস্টিকস হাবে পরিণত হবে। একই সঙ্গে বাংলাদেশ-চীন অর্থনৈতিক সহযোগিতা আরও শক্তিশালী ও বহুমাত্রিক হবে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Post Top Ad

Responsive Ads Here