
১৭ বছরেও চালু হয়নি সান্তাহার ২০ শয্যা হাসপাতাল | সময় সংবাদ
এরশাদ আলী, আদমদীঘি (বগুড়া) থেকে :
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রথবাড়িতে অবস্থিত ২০শয্যা বিশিষ্ট হাসপাতালটি জনবল ও আসবাবপত্র সংকটের কারনে দীর্ঘ ১৭ বছরেও চালু হয়নি। ফলে এলাকাবাসির দাবীকৃত সান্তাহার ২০ শয্যা হাসপাতালে সুচিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন হাজার হাজার মানুষ।
হাসপাতালটিতে জনবল নিয়োগ ও আসবাবপত্র সরবরাহ করে জরুরি ভাবে চালু করার দাবী জানিয়েছেন এলাকাবাসি।
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার রথবাড়ি এলাকায় ২০০৫ সালে সি.এম.এম.ইউ এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অর্থায়নে ও তত্ত¡াবধানে প্রায় ৩ কোটি ৩৩ লাখ ১২ হাজার টাকা ব্যয়ে ২০শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণ কাজ শুরু করা হয়। প্রায় ৮০ ভাগ নির্মান কাজ সম্পন্ন হওয়ার পর হঠাৎ করে অবশিষ্ঠ অংশের কাজ বন্ধ রেখে ঠিকাদার প্রতিষ্ঠান চলে যান। এমতাবস্থায় নির্মান কাজ সম্পন্ন না হলেও ২০০৬ সালের ২২অক্টোবর হাসপাতালটি উদ্বোধন করা হয়। এ ভাবে দীর্ঘ প্রায় ১৫ বছর পেরিয়ে গেলেও হাসপাতালের অসমাপ্ত নির্মান কাজ শেষ করা হয়নি। ফলে দীর্ঘ সময় অভিভাবকহীন ও উম্মুক্ত অবস্থায় পড়ে থাকে হাসপাতালটি। এস সময় অরক্ষিত এই হাসপাতালে মাদকাসক্ত, নেশাখোর ও বখাটেদের অনৈতিক কর্মকান্ডের আড্ডা খানায় পরিনত হয়। অবশেষে ২০২০ সালে সান্তাহার হাসপাতালটি পুনরায় সংস্কার বা পুন:নির্মান করে সচল করতে সি.এম.এম.ইউ এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় কর্তৃক আরো অতিরিক্ত বরাদ্দ ৩ কোটি ১৩ লাখ ৭৯ হাজার ২৮৩ টাকা বরাদ্দ দিয়ে ২০২১ সালের মাঝামাঝি সময়ে নির্মান কাজ শেষ করা হয়। এরপর হাসপাতালে রোগি ভর্তিসহ অন্যান্য কর্মকান্ড চালু না হলেও শুধু মাত্র বর্হিবিভাগে ডেপুটেশনে ১জন চিকিৎসক ও ১জন ফার্মসিস্টকে দিয়ে বর্তমানে রোগিদের চিকিৎসা দেয়া চলছে। এই হাসপাতালে প্রয়োজনীয় জনবল, ওযার্ডের বেড,আসবাবপত্রসহ বিভিন্ন সামগ্রী নেই। এছাড়া এখানে সুইপার, এমএলএসএস,দারোয়ান কুক আয়াসহ কোন পরিচ্ছন্ন কর্মি নিয়োগ দেয়া হয়নি। ইতিমধ্যে সান্তাহারসহ আশেপাশের এলাকার দাবীকৃত সান্তাহার ২০ শয্যা হাসপাতালটিতে প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে চালু করার জন্য ২০২১ সালে ১৬ সেপ্টেম্বর এক মানববন্ধন করেন স্থানীয়রা। এই হাসপাতাল পুর্ণাঙ্গ ভাবে চালু করার দাবীতে এলাকাবাসি বিভিন্ন সময় নানা কর্মসুচী পালন করলেও জনবল ও আসবাবপত্র সংকটের কারনে দীর্ঘ ১৭ বছরেও চালু হয়নি সান্তাহার ২০ শয্যা হাসপাতাল।
সান্তাহার পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু জানান, এই হাসপাতালটি পুর্ণাঙ্গ ভাবে চালু করার জন্য কৃর্তপক্ষের নিকট বার বার দাবী করা সত্বেও ১৭ বছরেও তা বাস্তবায়ন না হওয়ায় হাজার হাজার মানুষ সুচিকিৎসা থেকে বঞ্চিত রয়েছে। তিনি অবিলম্বে হাসপাতালটি চালু করার দাবী জানান।
আদমদীঘি উপজেলা পা:প: কর্মকর্তা ডা: ফজলে রাব্বি বলেন, সান্তাহার ২০ শয্যা হাসপাতালটিতে সীমিত আকারে শুধু বহি:বিভাগে রোগিদের চিকিৎসা ও ঔষধ দেয়া হচ্ছে। প্রয়োজনী জনবল নিয়োগ ও আসবাবপত্র প্রদানের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রস্তাবনা পাঠানো হয়েছে। এসব সমস্যার সমাধান হলে পুর্ণাঙ্গ ভাবে চালু করা সম্ভব হবে সান্তাহার ২০ শয্যার হাসপাতালটি।
সময় সংবাদ/ডেস্ক
