![]() |
| শেখ হাসিনার কারণে ঢাকা-দিল্লি উত্তেজনা: নিউইয়র্কে প্রধান উপদেষ্টা |
আন্তর্জাতিক ডেস্ক:
বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে উত্তেজনার কারণ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, গত বছরের ছাত্র-জনতার আন্দোলনকে ভারত পছন্দ করেনি এবং বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপন করায় দুই দেশের সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এশিয়া সোসাইটি অ্যান্ড পলিসি ইনস্টিটিউট-এর আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
ড. ইউনূস বলেন, “ভারত থেকে প্রচুর ভুয়া খবর এসেছে। ছাত্র-জনতার আন্দোলনকে ইসলামিক আন্দোলন বলে প্রচারণা চালানো হয়েছে। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, যিনি মূলত সমস্যার জন্ম দিয়েছেন। এটি দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে।”
প্রধান উপদেষ্টা সার্ককে পুনরুজ্জীবিত করার ওপর জোর দেন। তিনি বলেন, বাংলাদেশ আঞ্চলিক বাণিজ্য ও সমুদ্র প্রবেশাধিকারে সেতুবন্ধন হিসেবে কাজ করতে পারে। তবে নয়াদিল্লির রাজনৈতিক প্রতিরোধ আঞ্চলিক সহযোগিতাকে বাধাগ্রস্ত করছে।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। ১৫ বছর পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় ১২ কোটি ৬০ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।”

