
রাঙ্গামাটিতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মো. নাজমুল হোসেন ইমন,স্টাফ রিপোর্টার:
রাঙ্গামাটিতে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মোবারক হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার, জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল আলীম, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
সভায় জেলা প্রশাসক রাঙ্গামাটির সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন,
“সম্প্রতি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে, এজন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।”
ডিসি আরও বলেন, বর্তমানে রাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দানানুষ্ঠান চলমান রয়েছে। এই ধর্মীয় উৎসবটিও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের আন্তরিক ভূমিকা কামনা করেন।
সভায় জেলা প্রশাসক কাপ্তাই লেকে অবৈধ বালু উত্তোলন ও পাহাড় কাটা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। এ বিষয়ে জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন তিনি।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সব দপ্তর, রাজনৈতিক দল ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক হাবিব উল্লাহ মারুফ।
