![]() |
| দোয়ারাবাজারে সার ডিলার নিয়োগ পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি |
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সার ডিলার নিয়োগ প্রক্রিয়া পুনর্বিবেচনা এবং দোয়ারাবাজার উপজেলার বর্তমান খুচরা সার ডিলারদের বহাল রাখার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) সকালে দোয়ারাবাজার উপজেলা পরিষদের সামনে উপজেলার সকল খুচরা সার ডিলারদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, হঠাৎ নতুন ডিলার নিয়োগের সিদ্ধান্ত কৃষি খাতকে অস্থিতিশীল করে তুলতে পারে এবং বহু বছর ধরে দায়িত্ব পালন করা অভিজ্ঞ খুচরা ডিলারদের জীবিকা, সুনাম ও কর্মপরিবেশ সংকটে ফেলবে।
বক্তারা আরও জানান, বর্তমান খুচরা ডিলাররা দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে কৃষকদের নিকট সময়মতো সার পৌঁছে দিয়ে আসছেন। তাই আকস্মিকভাবে নতুন ডিলার নিয়োগ না করে বিদ্যমান ডিলারদের বহাল রাখার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দেন ডিলার সংগঠনের উপদেষ্টা সুমন মিয়া, লোকমান মিয়া, সভাপতি শহিদুল ইসলাম, সম্পাদক মোস্তফা, যুগ্ম সম্পাদক বাবুল মিয়া, কোষাধ্যক্ষ আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া, সহ-সভাপতি আজাদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন এবং অন্যান্য সদস্য হারুনূর রশিদ, শিপন, নূরুল ইসলাম, জসিম উদ্দিন, আজর আলী, মোজাফফর আলী, কাউছার আলম, কলিমউদ্দিন, নজরুল ইসলাম ও আনিক মিয়া প্রমুখ।
মানববন্ধন শেষে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে ডিলার নিয়োগ প্রক্রিয়া পুনর্বিবেচনা, বর্তমান খুচরা ডিলারদের তালিকা বহাল রাখা এবং কৃষকদের স্বার্থ সুরক্ষায় যথোপযুক্ত সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে উপজেলার সকল খুচরা সার ডিলার সদস্য ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি এবং সাধারণ কৃষকরা উপস্থিত ছিলেন।

