আলফাডাঙ্গায় দরিদ্র ৯২ পরিবারের মাঝে ১৮৪টি ছাগল বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ১২, ২০২৫

আলফাডাঙ্গায় দরিদ্র ৯২ পরিবারের মাঝে ১৮৪টি ছাগল বিতরণ

আলফাডাঙ্গায় দরিদ্র ৯২ পরিবারের মাঝে ১৮৪টি ছাগল বিতরণ
আলফাডাঙ্গায় দরিদ্র ৯২ পরিবারের মাঝে ১৮৪টি ছাগল বিতরণ

 


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নদীবিধৌত চরাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৯২টি দরিদ্র পরিবারের মধ্যে ১৮৪টি ছাগল বিতরণ করা হয়েছে।


মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব ছাগল বিতরণ করা হয়। উপজেলার বানা, টগরবন্দ ও পাঁচুড়িয়া ইউনিয়নের চরাঞ্চলের সুবিধাভোগী প্রতিটি পরিবারের হাতে দু’টি করে মোট ১৮৪টি ছাগল তুলে দেওয়া হয়।


অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আসজাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. মো. আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন।


উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, মধুমতি নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে দরিদ্র খামারিদের মাঝে গরু, ছাগল, ভেড়া, হাঁস ও মুরগি বিতরণ করা হবে।


প্রাথমিকভাবে উপজেলার টগরবন্দ, গোপালপুর, বানা ও পাঁচুড়িয়া ইউনিয়নের নদীভাঙন কবলিত এলাকার ১ হাজার ৮৪৮ জন হতদরিদ্র নারী-পুরুষকে এই প্রকল্পের আওতায় আনা হবে। এর ফলে তারা ঘরে বসেই ছোট পরিসরে পশুপালন ও হাঁস-মুরগি খামার গড়ে তোলার সুযোগ পাবেন।


ইতোমধ্যে এই প্রকল্পের আওতায় উপজেলার ১০০ জন সুফলভোগীর হাতে ২১টি করে মোট ২,১০০টি হাঁস প্রদান করা হয়েছে।


আলফাডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন বলেন,“এই প্রকল্পটি নদীবিধৌত চরাঞ্চলে বসবাসকারী মানুষের জন্য একটি বড় উদ্যোগ। ছাগল বিতরণের পাশাপাশি পরিবারগুলোকে ছাগল পালনের প্রশিক্ষণ ও বিনামূল্যে স্বাস্থ্যসেবাও দেওয়া হবে। এতে দারিদ্র্য বিমোচন ও পুষ্টি চাহিদা পূরণে সহায়তা করবে।”



Post Top Ad

Responsive Ads Here