![]() |
| আলফাডাঙ্গায় শীতার্তদের ঘরে ঘরে লেপ পৌঁছে দিলেন ইব্রাহিম |
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
সারাদেশে তীব্র শীতে জনজীবন যখন বিপর্যস্ত, তখন ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অনন্য মানবিক উদ্যোগের গল্প গড়া হয়েছে। আলফাডাঙ্গা পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের প্রায় অর্ধশত শীতার্ত পরিবারের ঘরে ঘরে গভীর রাতে লেপ পৌঁছে দিয়েছেন তরুণ সমাজসেবক মো. ইব্রাহিম হোসেন।
মিঠাপুর কলেজপাড়া এলাকার বাসিন্দা ইব্রাহিম হোসেন তার প্রয়াত পিতা মরহুম হাজী লিয়াকত হোসেনের স্মরণে নিজস্ব তহবিল থেকে এই উন্নতমানের শীতবস্ত্র বিতরণ করেছেন। সাধারণত কম্বল বিতরণ হলেও, তীব্র শীতে কম্বল পর্যাপ্ত নয় — এই বাস্তবতা বিবেচনায় রেখে ইব্রাহিম গত কয়েক বছর ধরে লেপ বিতরণ করে আসছেন।
স্থানীয় বাসিন্দা মামুন শেখ বলেন, “সাধারণত কম্বল দেওয়া হয় যা তীব্র শীতে অনেক সময় কাজে আসে না। ইব্রাহিম ভাই প্রতিবছর নিজ উদ্যোগে লেপ পৌঁছে দিয়ে পরিবারের সদস্যদের শান্তিতে ঘুমানোর ব্যবস্থা করেন। রাতে ঘরে ঘরে গিয়ে এই সাহায্য পৌঁছে দেওয়ার পদ্ধতিটি সত্যিই প্রশংসনীয়।”
এই উদ্যোগ সম্পর্কে ইব্রাহিম হোসেন বলেন, “তীব্র শীতে অসহায় মানুষদের কষ্ট লাঘব করা এবং তাদের মুখে হাসি ফোটানোই আমার মূল উদ্দেশ্য। সামাজিক দায়বদ্ধতা থেকে আমি এই কাজ করি। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও উচিত তাদের পাশে দাঁড়িয়ে শীতার্ত মানুষের পাশে থাকা।”

