![]() |
| কর্ণফুলীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত |
মো. নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনায় মো. আলী আব্বাস (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দৌলতপুর ফাজিল খাঁর হাট এলাকায় পিএবি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলী আব্বাস আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঝিওরী গ্রামের গোলাম শরীফের বাড়ির মো. মুছার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পালসার মোটরসাইকেলে করে শহর থেকে আনোয়ারার দিকে যাচ্ছিলেন আলী আব্বাস। পথিমধ্যে দৌলতপুর ফাজিল খাঁর হাট এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্তে পুলিশ কাজ করছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

