![]() |
| চাঁপাইনবাবগঞ্জে ‘মা ফার্মেসী’র ব্যতিক্রমী উদ্যোগ |
সাশ্রয়ী মূল্যে ঔষধ পেয়ে স্বস্তিতে দুস্থ ও নিম্নআয়ের মানুষ
নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার হায়াত মোড় এলাকায় অবস্থিত ‘মা ফার্মেসী’ অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে ঔষধ সরবরাহ করে মানবিক উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করেছে। অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হওয়া মানুষদের পাশে দাঁড়িয়ে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে।
দীর্ঘস্থায়ী রোগে ভোগা কিংবা নিয়মিত ঔষধের প্রয়োজন এমন অনেক নিম্নআয়ের মানুষ এখন এখান থেকে কম মূল্যে প্রয়োজনীয় ঔষধ সংগ্রহ করতে পারছেন। বিশেষ ছাড়ের এই সুবিধা স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর জন্য বড় স্বস্তি হয়ে উঠেছে।
মা ফার্মেসীর পরিচালক মো. মুরসালীন বলেন, “ব্যবসার চেয়ে মানুষের সেবা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। অনেকেই টাকার অভাবে সময়মতো ঔষধ কিনতে পারেন না। তাদের কথা চিন্তা করেই আমরা এই উদ্যোগ নিয়েছি।”
তিনি আরও বলেন, সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এ ধরনের উদ্যোগে এগিয়ে এলে দরিদ্র মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা আরও সহজ হবে।
স্থানীয় বাসিন্দা মোখলেছুর রহমান বলেন, “বর্তমানে ঔষধের দাম অনেক বেশি হওয়ায় আমাদের মতো সাধারণ মানুষের জন্য চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। মা ফার্মেসীর এই উদ্যোগ আমাদের জন্য বড় সহায়তা।”
স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে এবং স্বাস্থ্যসেবাকে আরও মানুষের নাগালের মধ্যে নিয়ে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

