
পারকি সমুদ্রসৈকতে হোটেলে অভিযান: অনৈতিক কার্যকলাপের অভিযোগে ১৪ জন আটক
মো. নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম:
চট্টগ্রামের পারকি সমুদ্রসৈকত এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ১৪ জন যুবক-যুবতীকে আটক করেছে পুলিশ।
রবিবার (৫ এপ্রিল) দুপুর আনুমানিক দুইটার দিকে আনোয়ারা উপজেলা-এর পারকি সমুদ্রসৈকত সংলগ্ন ‘সাগর ছাঁয়া’ ও ‘সি ভিউ’ নামের দুটি আবাসিক হোটেলে বন্দর পুলিশ ফাঁড়ি ও কর্ণফুলী থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মোট ১৪ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বাড়ি কর্ণফুলী ও বাঁশখালী উপজেলায়। তাদের মধ্যে এক দম্পতিও রয়েছেন। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল্লাহ আল নোমান জানান, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
অভিযান প্রসঙ্গে হোটেলের মালিক এহসান মুঠোফোনে দাবি করেন, পুলিশ সন্দেহভাজন হিসেবে কয়েকজনকে আটক করেছে এবং আটক ব্যক্তিদের বৈধ কাগজপত্র রয়েছে।
এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ‘সাগর ছাঁয়া’ হোটেলে অসামাজিক কার্যকলাপ চলে আসছে। হোটেলের কর্মচারীরা পারকি সমুদ্রসৈকতে আগত পর্যটকদের বিভিন্নভাবে হোটেলে নেওয়ার চেষ্টা করেন, যা পরিবার-পরিজন নিয়ে আসা দর্শনার্থীদের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে।
উল্লেখ্য, এর আগেও গত বছরের ১৯ ডিসেম্বর একই এলাকায় অভিযান চালিয়ে ‘রয়্যাল কমিউনিটি সেন্টার’ ও ‘সাগর ছাঁয়া’ হোটেলের ম্যানেজার তুলাশ দাশকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। ওই সময় হোটেলটির বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপের পাশাপাশি সরকারি জমিতে প্রভাব খাটিয়ে সড়ক নির্মাণের অভিযোগও ওঠে।
