রাজশাহীতে আধুনিক কসাইখানা ও চিড়িয়াখানার উন্নয়নে অংশীজনের মতবিনিময় সভা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুলাই ১৩, ২০২৬

রাজশাহীতে আধুনিক কসাইখানা ও চিড়িয়াখানার উন্নয়নে অংশীজনের মতবিনিময় সভা

 

রাজশাহীতে আধুনিক কসাইখানা ও চিড়িয়াখানার উন্নয়নে অংশীজনের মতবিনিময় সভা
রাজশাহীতে আধুনিক কসাইখানা ও চিড়িয়াখানার উন্নয়নে অংশীজনের মতবিনিময় সভা

মো. ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে আধুনিক কসাইখানা (মিট প্রসেসিং সেন্টার) নির্মাণ এবং কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার আধুনিকায়ন বিষয়ে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশনের নগর ভবনের সিটি হলরুমে এ সভার আয়োজন করা হয়।


সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানের শুরুতে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও স্মারক প্রদান করা হয়।


প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, রাজশাহীতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার নির্মাণ এবং চিড়িয়াখানার আধুনিকায়নের উদ্যোগ সময়োপযোগী। এসব প্রকল্প বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।


তিনি জানান, নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিত করতে আধুনিক মিট প্রসেসিং সেন্টারে পশু জবাইয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা, হালাল পদ্ধতিতে জবাই, আধুনিক পরীক্ষাগারে মান নিয়ন্ত্রণ এবং পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা থাকবে। পাশাপাশি পশুর অব্যবহৃত অংশ গবেষণার মাধ্যমে রপ্তানি, জৈব সার ও বায়োগ্যাস উৎপাদনে কাজে লাগানোর পরিকল্পনাও রয়েছে।


প্রতিমন্ত্রী আরও বলেন, রাজশাহীর মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানাকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে সরকারের নীতিগত সমর্থন রয়েছে এবং প্রকল্প বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক অগ্রগতি হচ্ছে।


তিনি বলেন, আম, রেশম, কৃষি, মৎস্য উৎপাদন, পরিচ্ছন্নতা ও পর্যটনের সম্ভাবনার কারণে রাজশাহী দেশের অন্যতম সম্ভাবনাময় অঞ্চল। আধুনিক সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বিশেষ করে রাজশাহীর আমের রপ্তানি বাড়িয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ রয়েছে।


সভাপতির বক্তব্যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, নাগরিক সেবার মানোন্নয়ন ও উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি কাজ করে যাচ্ছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই চিড়িয়াখানার আধুনিকায়ন এবং নতুন পশুপাখি সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতাও পাওয়া যাচ্ছে বলে তিনি জানান।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান, রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিনুল হাসান, রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি আতাহার রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সভার আগে প্রতিমন্ত্রী বৃষ্টি উপেক্ষা করে নগরীর তালাইমারি এলাকায় আধুনিক কসাইখানা নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এর আগে সকালে শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছালে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



Post Top Ad

Responsive Ads Here