![]() |
| আলফাডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে পালিত হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা |
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ফরিদপুরের আলফাডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলার কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দিরের উদ্যোগে এ উৎসব অনুষ্ঠিত হয়।
সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে বিভিন্ন বয়সী শত শত ভক্ত ও পুণ্যার্থীর সমাগম ঘটে। ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টা ও উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ভক্তরা কীর্তন, নামসংকীর্তন, পূজা-অর্চনা এবং অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন।
পূজা-অর্চনা শেষে দুপুরে রথযাত্রার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির থেকে সুসজ্জিত রথে শ্রী শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ স্থাপন করা হয়। পরে শত শত ভক্ত রশি টেনে রথযাত্রায় অংশ নেন। বর্ণাঢ্য শোভাযাত্রাটি পৌর এলাকার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
আয়োজকরা জানান, আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ বছরের রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।
রথযাত্রা শুরুর আগে মন্দির প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এতে উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির কমিটির সভাপতি নিত্য গোপাল মণ্ডল, সাধারণ সম্পাদক প্রবীর কুমার বিশ্বাস, রথযাত্রা উদযাপন কমিটির আহ্বায়ক রণেন্দু বিশ্বাস, উপদেষ্টা কার্তিক চন্দ্র দাস, সহ-সভাপতি ডা. সুমন রায়সহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

