
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত, শোক প্রকাশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের একই পরিবারের তিন সদস্য নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে দুর্ঘটনায় আহত দুজনের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।
শুক্রবার (২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক শোকবার্তায় প্রতিমন্ত্রী নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে তাঁদের এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি ও ধৈর্য প্রার্থনা করেন।
শোকবার্তায় দুর্ঘটনায় আহত শফিকুল ইসলাম ও তাঁর বড় ছেলে নাবিলের দ্রুত আরোগ্য কামনা করে তাঁদের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়।
উল্লেখ্য, গত ২৩ জুলাই সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে পবিত্র মক্কায় ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজিমুদ্দিন মোল্যার মেয়ে তানিয়া তাহমিনা রিনা (৪৫), তাঁর ছেলে তাসবিক (২০) এবং মেয়ে জারা (১৫) নিহত হন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দুর্ঘটনায় রিনার স্বামী শফিকুল ইসলাম ও তাঁদের বড় ছেলে নাবিল আহত হন। বর্তমানে তারা সৌদি আরবে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, নিহত তিনজনের মরদেহ সৌদি আরবের রিয়াদের বাথা এলাকার একটি কবরস্থানে দাফন করা হয়েছে।
