ফরিদপুরে দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্ত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

ফরিদপুরে দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্ত

ফরিদপুরে দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্ত
ফরিদপুরে দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্ত

 


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় বোয়ালমারী উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী ইসরাত জাহান (দিপা)-কে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। একই সঙ্গে জ্ঞাত আয়ের উৎসের বাইরে অর্জিত ১ কোটি ৬৯ লাখ ৪ হাজার ২৭১ টাকা মূল্যের সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত।


ফরিদপুরের স্পেশাল জজ (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. শরীফ উদ্দীন বিশেষ মামলা নং-০৫/২০২২-এর রায়ে এ আদেশ দেন।


দণ্ডপ্রাপ্ত ইসরাত জাহান (দিপা) ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কদমী গ্রামের বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত মো. মিজানুর রহমান মোল্লার স্ত্রী।


রায়ের পর্যবেক্ষণে আদালত উল্লেখ করেন, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ২০২০ সালের ৩০ নভেম্বর দুদকের দায়ের করা মামলায় তাকে দোষী সাব্যস্ত করে এই দণ্ড প্রদান করা হয়েছে।


তবে একই মামলায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আদালত ওই অভিযোগ থেকে তাকে খালাস দিয়েছেন।


রায় ঘোষণার সময় ইসরাত জাহান জামিনে ছিলেন। ফলে আদালত সাজা পরোয়ানামূলে তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এছাড়া ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ৩৫এ ধারা অনুযায়ী, মামলায় পূর্বে হাজতবাসের সময় থাকলে তা সাজা থেকে সমন্বয়ের নির্দেশ দেওয়া হয়েছে।


এছাড়া আদালত তার জ্ঞাত আয়ের উৎসের বাইরে অর্জিত ১ কোটি ৬৯ লাখ ৪ হাজার ২৭১ টাকা মূল্যের অবৈধ সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ দিয়েছেন।


রায়ের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ফরিদপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।



Post Top Ad

Responsive Ads Here