বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে ঈদ-উল-আযহা উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আন্তঃধর্মীয় মিলন মেলা। ঈদের দিন (বুধবার) দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী তার নিজস্ব প্রতিষ্ঠান বনপাড়াস্থ পাটোয়ারী জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে উপজেলার হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ও আদিবাসীবাসীদের নিয়ে এ আয়োজন করেন। সব ধর্মের ৫ শতাধিক অতিথি এই মিলন মেলায় উপস্থিত ছিলেন।
জঙ্গী-মাদকমুক্ত ও সাম্প্রদায়িক সম্প্রতিপূর্ণ বাংলাদেশ গড়তে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নৌকা প্রতীককে সুরক্ষা করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয় এই মিলন মেলায়। পাশাপাশি ‘বারবার গুরুদাসপুর, এই বার বড়াইগ্রাম’ এমন শ্লোগানের মধ্য দিয়ে এবারের নির্বাচনে গুরুদাসপুর ও বড়াইগ্রাম নির্বাচনী এলাকা নিয়ে সংসদীয় নাটোর-৪ আসন থেকে বড়াইগ্রামের প্রার্থীকে মনোনয়ন দেয়ার দাবি জানানো হয়।
বিশিষ্ট শিক্ষাবিদ ও সেন্ট যোশেফস উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক বাবু গৌরপদ মন্ডলের সভাপতিত্বে এই ঈদ মিলন মেলায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদের নাটোর জেলা আহবায়ক বাবু চিত্তরঞ্জন সাহা। বিশেষ অতিথি হিসেবে জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুব্রত সরকার, সাধারণ সম্পাদক এড. খগেন্দ্রনাথ রায়, আদিবাসী সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক নরেশ উড়াও, বনপাড়া খৃস্টান ধর্মপল্লীর প্রধান পাল-পুরাহিত ফাদার বিকাশ হিউবার্ট রিবেরু, কারিতাসের সাবেক পরিচালক গাব্রিয়েল কস্তা, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা ও অন্যদের মধ্যে জয়বাংলা সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, বনপাড়া পৌরসভার প্যানেল মেয়র মোহিত কুমার সরকার, সেন্ট পিটার্স একাডেমির অধ্যক্ষ ক্লামেন্ট পিরিচ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বড়াইগ্রামে যোগ্যতাসম্পন্ন রাজনৈতিক নেতা থাকা সত্বেও গত ৪৫ বছর গুরুদাসপুরের নেতারাই এমপি পদে আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে আসছেন। বার বার গুরুদাসপুর রীতি বন্ধ করে এবারে বড়াইগ্রাম থেকে আওয়ামীলীগের এমপি প্রার্থী মনোনয়ন দেয়ার জোর দাবি জানানো হয়। উপস্থিত অতিথিরা এ সময় উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী স্বনামধন্য চিকিৎসক ও শিক্ষানুরাগী সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে এমপি হিসেবে দেখতে চান বলে হাত উঁচিয়ে তাদের দাবির কথা তুলেন ধরেন।

