সময় সংবাদ ডেস্ক//
চলমান ক্যাসিনো-মাদক বিরোধী অভিযানের ফলে অপরাধীরা দেশের বাইরে চলের যাওয়ার সম্ভাবনা থাকলেও বিমানবন্দরে বা অন্য কোথাও কোনো সতর্কতা জারি করা হয়নি বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সোমবার সচিবালয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, রেড অ্যালার্ট জারি করার মতো পরিবেশ সৃষ্টি হয়নি। বিমানবন্দরেও বিশেষ কোনো সতর্কতা জারি করা হয়নি।
তিনি আরো বলেন, যারাই অপরাধী তাদেরই আইনের আওতায় আনা হচ্ছে। গডফাদার, গ্র্যান্ডফাদার নয়, আমরা চিনি অপরাধী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ ব্যবসা ও টেন্ডারবাজির মতো অপকর্মের বিরুদ্ধে সরকারের এই অভিযান চলছে। যেখান থেকেই তথ্য আসছে সেই তথ্যের ভিত্তিতে আমাদের গোয়েন্দা সংস্থা কাজ করছে।
‘রাজনীতিবিদ বা যেই হোক, যারা অপরাধ করেছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসছি। যেই আপরাধ করবে, আইনের চোখে সেই অপরাধী, তাদেরই আইনের আওতায় আনা হবে’-যোগ করেন আসাদুজ্জামান কামাল।
জনপ্রিয়তা বাড়াতে সরকার এ পদক্ষেপ নিয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনার কি মনে হয় প্রধানমন্ত্রীর জনপ্রিয়তার ঘাটতি রয়েছে? উনি জনপ্রিয়তার জন্য নয়, সুশাসন প্রতিষ্ঠার জন্য এখন আমাদের নির্দেশনা দিয়েছেন। সুশাসন প্রতিষ্ঠা করতে হলে এসব অবৈধ ব্যবসা বা যারা অবৈধভাবে অন্যায় কিছু করতে চায়, সেগুলোকে দমন করতে হবে। সে জন্যই আমাদের এ প্রচেষ্টা চলছে।

