কিশোর গ্যাংরা পরিকল্পিতভাবে হত্যা করে রেজাকে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ৩০, ২০১৯

কিশোর গ্যাংরা পরিকল্পিতভাবে হত্যা করে রেজাকে

ফরিদপুর প্রতিনিধি :
গত ৯ সেপ্টেম্বর ফরিদপুর শহরের ডিআইবি বটতলা এলাকার একটি পুকুর থেকে রেজা মোল্লা (২১) নামে এক তরুণের লাশ উদ্ধার করা হয়। পরে জানা যায়, একদল কিশোর গ্যাং এর সদস্যরা পরিকল্পিতভাবে হত্যা করে তাকে। 

এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এর মধ্যে ১৬ বছর বয়সী এক কিশোর হত্যার দায় স্বীকার করে গত সোমবার বিকেলে ফরিদপুরের এক নম্বর আমলি আদালতে অতিরিক্ত মূখ্য বিচারিক হাকিম ওসমান গণির কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

মঙ্গলবার বিকালে ফরিদপুর কোতোয়ালি থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন।

তিনি জানান, রেজা মোল্লা শহরের কমলাপুর বটতলা এলাকার মৃত আব্দুর সাত্তার মোল্লার ছেলে। তিনি বটতলা এলাকায় সাখাওয়াতের হোটেলে কাজ করতেন। গত ৮ সেপ্টেম্বর তিনি সকাল বাসা থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেনি। পরদিন ৯ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে দক্ষিণ কমলাপুরস্থ তছলিম বিশ্বাসের পুকুর পাড়ে রেজার পরনের কাপড়-চোপড় উদ্ধার করা হয়। পরে ওই পুকুরে তল্লাশী করে ডুবন্ত অবস্থায় রেজার মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে পরিবারের লোকজন ধারণা করেন, গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন রেজা। এ কারণে রেজার পরিবারের সদস্যরা কোনো আইনি পদক্ষেপ না নিয়ে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তার মরদেহ দাফন করে।

এসআই বেলাল হোসেন আরও জানান, যে কিশোর গ্যাংয়ের সদস্যরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে পরে তাদের মধ্যে কোনো কারণে কোন্দলের সৃষ্টি হলে জানাজানি হয় যে- রেজার মৃত্যু নিছক দুর্ঘটনা নয়, এটি একটি পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড।
এরই সূত্র ধরে পুলিশ গত রোববার রেজার প্রতিবেশী ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী শহরের পূর্বখাবাসপুর, বায়তুল আমান ও ফরিদপুর সদরের ধোপাডাঙ্গা এলাকা হতে ১৬ ও ১৭ বছর বয়সী দুই কিশোর এবং ডিআইবি বটতলার এলাকার বাসিন্দা মো. সাকিব শেখ (১৯) নামে এক তরুণকে গ্রেফতার করে পুলিশ। 
 
এ ব্যাপারে গত রোববার রাতে নিহত রেজার বড় ভাই মুরাদ মোল্লা বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার গ্রেফতার হওয়া ওই চার কিশোর ও তরুণ ছাড়াও ১৭ বছর বয়সী আরেক কিশোরকে আসামি করা হয়েছে।

এ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, এ হত্যা মামলার আসামি ১৭ বছর বয়সী এক কিশোর গত সোমবার বিকেলে ফরিদপুরের এক নম্বর আমলি আদালতে অতিরিক্ত মূখ্য বিচারিক হাকিম ওসমান গণির কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ওই কিশোরকে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতার হওয়ার আপর দুই কিশোর ও এক তরুণের রিমান্ডের আবেদন জানানো হবে। এছাড়া নিহত রেজার মরদেহ তুলে ময়নাতদন্তের জন্য আদালতে আবেদন জানানো হবে।

Post Top Ad

Responsive Ads Here