রাজবাড়ী প্রতিনিধি-
রাজবাড়ীর গোয়ালন্দে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
এসময় তিনটি চোরাই মোটরসাইল উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলা জামতলা হাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, ফরিদপুর জেলার কতোয়ালী থানার চর কেষ্টপুর নতুন ডাঙ্গী গ্রামের হযরত মোল্লার ছেলে ফিরোজ আহমেদ মোল্লা (২৫), গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের আদু মাতুব্বার পাড়া গ্রামের হাসেম সরদারের ছেলে শরিফুল ইসলাম (২৩) ও উজানচর ইউনিয়নের দরাপের ডাঙ্গী গ্রামের তাইজদ্দিন বেপারীর ছেলে আজমীর বেপারী (১৯)।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার জামতলা হাট এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের ওই তিন সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় দুইটি পালসার ও একটি এ্যাপাসী মোটরসাইকেল উদ্ধার করা হয়। তিনি আরো জানান, অভিযানের বিষয়টি টের পেয়ে ওই চক্রের প্রধান হোতা উপজেলার উজানচর ইউনিয়নের জামতলা হাট সাহের মন্ডলের পাড়া গ্রামের আদু শেখের ছেলে শমসের শেখ পালিয়ে যায়। তার বিরুদ্ধে পূর্বের একাধিক মামলা রয়েছে।

