দেশে খাদ্যের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
তিনি বলেন, দেশের একটি মানুষকেও যাতে না খেয়ে থাকতে না হয় এটা প্রধানমন্ত্রীর নির্দেশনা। এখন আমাদের ধান কাটা ও মাড়াইয়ের সময়। প্রকৃতি যদি বিরাগভাজন না হয়, আমরা মনে করি সৃষ্টিকর্তা আমাদের সহায় হবেন। আমরা যেন সব ধান কেটে ঘরে তুলতে পারি। তার জন্য যা যা ব্যবস্থা নেয়া দরকার সেদিকে লক্ষ্য রাখতে হবে। এটা হলো আমার মূলকথা ও প্রধানমন্ত্রীর নির্দেশ।
বুধবার দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তার পক্ষ থেকে ১২০ পিস পিপিই, ৩০ হাজার মাস্ক, ১ হাজার করোনার টেস্টিং কিট ও ৬০টি থার্মাল স্ক্যানার বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন।
এ সময় জেলা প্রশাসক হারুন-অর-রশীদ, পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া বিপিএম, সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুমিনুল হক, জেলা খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক হোসেন পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, জেলা চালকল মালিক গ্রুপের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়সহ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসকের নিকট মন্ত্রীর পক্ষে পিপিই, মাস্ক ও থারমাল স্ক্যানার তুলে দেয়া হয়।
সময়/জাতীয়
সময়/জাতীয়

