সময় সংবাদ ডেস্ক//
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের মরদেহ থাইল্যান্ড থেকে রাতেই দেশে আনা হবে।
শুক্রবার ঢাকা দক্ষিণখান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদু উজ্জামান মিঠু ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, এয়ার অ্যাম্বুলেন্সে করে থাইল্যান্ড থেকে আজ রাতেই দেশে আনা হবে। বাংলাদেশের সময় রাত বারোটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারে।
ডেইলি বাংলাদেশকে মাসুদু উজ্জামান আরো জানান, সাহারা খাতুনকে বনানী কবরস্থানে দাফন করা হবে। জানাজা অনুষ্ঠিত হতে পারে উত্তরা ও তেজগাঁওয়ে। তবে কিছু বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
গত ৬ জুলাই এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয় সাহারা খাতুনকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ইন্তেকাল করেন সাহারা খাতুন।
এর আগে ২ জুন সাহারা খাতুনের জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় হয়ে পড়ায় পরিবারের লোকজন রাজধানীর ইউনাইটেড হাসপাতাল নিয়ে ভর্তি করে। হাসপাতালে তার অবস্থার অবনতি হলে গত ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার উন্নতি হলে গত ২২ জুন দুপুরে তাকে আইসিইউ থেকে এইচডিইউতে (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়।
পরে ২৬ জুন সাহারা খাতুনের ফের শারীরিক অবস্থার অবনতি হলে সকাল ১১টার দিকে তাকে আইসিইউতে নেয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য সাহারা খাতুনকে ৬ জুলাই এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয়।

