স্পোর্টস সময়:
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অন্য দলের হয়ে খেললেও শিভম মাভির সঙ্গে পৃথ্বী শ’র বন্ধুত্ব দারুণ। তবে সেই বন্ধুত্বকে ভুলে বৃহস্পতিবার মাভিকে ছয় বলে ছয় চার হাঁকিয়েছেন পৃথ্বী। ম্যাচ শেষে বন্ধুকে পিটিয়ে সেই শোধ তোলেন কলকাতা নাইট রাইডার্সের পেসার।
গতকাল কেকেআরের বিরুদ্ধে ১৫৪ রান তাড়া করতে নেমে ম্যাচের প্রথম ওভারেই শিভম মাভিকে ছয় বলে ছয়টি চার মারেন দিল্লি ক্যাপিটালস ওপেনার পৃথ্বী শ। দিল্লিকে ম্যাচ জেতানোর পর পৃথ্বীকে পাকড়াও করেন ‘বন্ধু’ শিভম। মজার ছলে পেটে চিমটি কেটে দেন নাইট পেসার। এরপর যন্ত্রণায় পৃথ্বীকে কিছুক্ষণ কাতরাতে দেখা যায়।
তাদের আলোচনা শোনা না গেলেও বলা যায় নিশ্চিতভাবেই সেই ওভারের কথা ছিল। ভিডিওতে দুজনকেই কখনো হাসতে আবার কখনো গভীর আলোচনায় মগ্ন হতে দেখা যায়। তবে চিমটি কাটার পুরো ব্যাপারটাই ঘটে মূলত মজার ছলে। দীর্ঘদিন একসঙ্গে বিভিন্ন বয়সভিত্তিক প্রতিযোগিতায় খেলেছেন এই দুই ক্রিকেটার।
ম্যাচের পর পৃথ্বী শ বলেন, ‘আমি জানতাম ও কোথায় বল করবে। কেবল খারাপ বলের অপেক্ষায় ছিলাম। আমরা চার-পাঁচ বছর ধরে একসঙ্গে খেলছি। প্রথম কয়েকটা বল হাফভলি দিয়ে চার খাওয়ার পর আমি ভেবেছিলাম ও শর্ট বল করবে। কিন্তু ও তা করেনি।’

