নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনানাইমুড়ীতে মোবাইলের ‘মিনিট কার্ড’ কিনতে গিয়ে এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ওই উপজেলার পশ্চিম বজরা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিরা হলেন- ওই গ্রামের বাকের মিয়ার ছেলে আবদুর রব, বাচ্চু মিয়ার ছেলে রিপা, সেরু মিয়ার ছেলে সালাউদ্দিন।
শুক্রবার দুপুরে ধর্ষণের শিকার কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, পশ্চিম বজরা গ্রামের দরিদ্র রিকশাচালকের কিশোরী মেয়েটি বৃহস্পতিবার বিকেলে দোকানে মোবাইলের ‘মিনিট কার্ড’ কিনতে যায়। ফেরার পথে একই গ্রামের আবদুর রব তার গতি রোধ করে। পরে রিপা এসে তার মুখে গামছা পেঁছিয়ে কাচারি স্কুলের পাশের ধানক্ষেতে নিয়ে যায়। সেখানে সালাউদ্দিন পাহারা দেয় এবং বাকি দুইজন পালাক্রমে ধর্ষণ করে। সন্ধ্যায় বাড়ি ফিরে পরিবারকে পুরো ঘটনা জানায় ধর্ষণের শিকার কিশোরী।
সোনাইমুড়ী থানার ওসি গিয়াস উদ্দিন জানান, খবর পেয়ে রাতে ধর্ষণের শিকার কিশোরীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওই রাতেই ভুক্তভোগীর মা তিনজনকে আসামি করে মামলা করেছেন। ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

