বর্তমান সরকারের হাত ধরে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, মে ২৩, ২০২১

বর্তমান সরকারের হাত ধরে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী


 


সময় সংবাদ ডেস্কঃ


আওয়ামী লীগ মানুষের জন্য রাজনীতি করে উল্লেখ করে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে মানুষের কল্যাণেই কাজ করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র সাড়ে তিন বছরের মধ্যে একটা যুদ্ধবিধ্বস্ত দেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করেছিলেন। আর বর্তমান সরকারের হাত ধরে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।

রোববার মুজিববর্ষ উপলক্ষে ১১০টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, ৩০টি বন্যা আশ্রয়কেন্দ্র, ৩০টি জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্র ও ৫টি মুজিব কেল্লার উদ্বোধন এবং ৫০টি মুজিব কেল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে যারা ক্ষমতায় আসে তারা তো ঘুমিয়েই কাটাচ্ছিল। নিজেদের সম্পদ গড়তে ব্যস্ত ছিল। দেশের মানুষকে সম্পূর্ণ অবহেলা করেছে। বিপরীতে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে মানুষের কল্যাণেই কাজ করেছে।


তিনি বলেন, জাতির পিতা ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে বলেছিলেন, কেউ আমাদের দাবায়া রাখতে পারবে না। বাঙালিকে কেউ দাবায়া রাখতে পারবে না, এটা আমরা বিশ্বাস করি। সঠিক দিক নির্দেশনা সুনির্দিষ্ট লক্ষ্য আদর্শ নিয়ে চললে অবশ্যই বাংলাদেশের মানুষকে কেউ কখনও দাবায়া রাখতে পারবে না। আমরা সেভাবেই দেশকে গড়ে তোলার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছি। সব দুর্যোগ মোকাবিলা করে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা এগিয়ে যাচ্ছি, আরো এগিয়ে যাবো।


সরকারপ্রধান বলেন, আজকে আমরা ১২ বছর ক্ষমতায়, এর মধ্যে বাংলাদেশকে উন্নয়নশীল দেশ অর্থাৎ যে কথাটা ২০০৮ সালের নির্বাচনে ঘোষণা দিয়েছিলাম রূপকল্প-২০২১, আমরা তা বাস্তবায়ন করে বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার অবকাঠামোর উন্নয়ন করেছি। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। ভূমিহীনদের মাঝে খাসজমি এবং ঘর তৈরি করে দিয়েছি যাতে কোনো মানুষ গৃহহীন না থাকেন।


শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সালে যখন ক্ষমতায় আসি তখন বলেছিলাম, দেশে কোনো কুঁড়ে ঘর থাকবে না, টিনের ঘর দিলেও দেবো, দিয়েছিলাম। এখন সেমি-পাকা অথবা দুর্যোগ মোকাবিলায় সহনশীল ঘর তৈরি করে দিচ্ছি। বাংলাদেশ একটা বদ্বীপ, যে কারণে প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হয়। এসব মোকাবিলা করে আমাদের এগিয়ে যেতে হবে।


তিনি বলেন, বজ্রপাতে মানুষের যেন মৃত্যু না হয় সেদিকে দৃষ্টি দেয়া হচ্ছে। তাছাড়া ভূমিকম্প, ভূমিধ্বস, বজ্রপাত বা অগ্নিকাণ্ড সবকিছু থেকে মানুষকে সুরক্ষিত রাখার জন্য যা যা করণীয় সেই ব্যবস্থাগুলো আমরা করে যাচ্ছি। 


তিনি আরো বলেন, আমরা এরই মধ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ২০২১-২০৩৫ জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন করেছি। তাছাড়া বাংলাদেশ একটা বদ্বীপ, এই বদ্বীপ অঞ্চলটার সুরক্ষার কথা মাথায় রেখে আগামী প্রজন্মের জন্য শত বছরের একটা পরিকল্পনা অর্থাৎ, ২১০০ সালের জীবনযাত্রা কেমন হবে সেদিকে লক্ষ্য রেখে ডেল্টাপ্ল্যান করেছি। বদ্বীপ অঞ্চলের মানুষ যাতে সুন্দরভাবে বাঁচতে পারে, নিরাপদে বাঁচতে পারে সেই পরিকল্পনা নিয়েছি। আমাদের লক্ষ্য ছিল বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করবো। আল্লাহর রহমতে, আজকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি।

Post Top Ad

Responsive Ads Here