নিজস্ব প্রতিবেদকঃ
দেশে রোববার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে, ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস; সর্বনিম্ন তেঁতুলিয়ায় ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে ঢাকায় তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিকে আজ সারাদেশে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, খুলনা, বরিশাল, চট্রগ্রাম ও সিলেট বিভাগের কয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় রাঙ্গামাটিতে সর্বোচ্চ ৪৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া তাড়াশ ৩০, কক্সবাজারে ১৭, মাইজদীকোর্ট ১৬, শ্রীমঙ্গলে ১৩ এবং ডিমলা ও সন্দ্বীপে ১১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় মাত্র এক মিলিমিটার বৃষ্টি হয় বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
পূর্বাভাসে আরও বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্রিশগড় এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষের বাড়তি অংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ১৮ মিনিটে এবং কাল সূর্যোদয় ভোর ৫ টা ৪০ মিনিটে।

