বৃষ্টিপাত কমতে পারে : আবহাওয়া অধিদফতর - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ০৫, ২০২১

বৃষ্টিপাত কমতে পারে : আবহাওয়া অধিদফতর

  




সময় সংবাদ ডেস্কঃ




রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর বিভাগের অনেক জায়গায়, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।


পরবর্তী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।


আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে সর্বোচ্চ ১২১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া রাজারহাটে ১১৯, রংপুরে ৫৯, সন্দ্বীপে ৫২, নেত্রকোনায় ৪৯, সিলেটে ৪১ ও দিনাজপুরে ৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় মাত্র ২ মিলিমিটার বৃষ্টি হয় বলে জানিয়েছে আবহাওয়া অফিস।



সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ টাঙ্গাইলে সর্বনিম্ন ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।  


ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বনিন্ম তাপমাত্রা ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।


পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি বাংলাদেশের উত্তরপশ্চিম এলাকায় অবস্থানরত লঘুচাপটি দূর্বল হয়ে পড়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বাড়তি অংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দূর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে।


ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৪২ মিনিটে এবং কাল সূর্যোদয় ভোর ৫ টা ৫২ মিনিটে।

Post Top Ad

Responsive Ads Here