একমাস আগে থেকেই টার্গেটে শাহরুখ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ০৭, ২০২১

একমাস আগে থেকেই টার্গেটে শাহরুখ


 


আন্তর্জাতিক ডেস্কঃ


 

বলিউডের বাদশা তিনি। প্রমোদতরীতে মাদককাণ্ডে বড় ছেলে আরিয়ানের গ্রেফতারির ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন শাহরুখ ও গৌরী খান। নার্কোটিক্স কন্ট্রোল বুরোর (এনসিবি) হেফাজতে থাকা ছেলের প্রতি মুহূর্তের খুঁটিনাটি খবর রাখছেন অভিনেতা নিজেই। এখনো পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে মুখ না খুললেও ঘটনার আঁচ যে তার পেশা জগতেও পড়েছে তার ইঙ্গিত মিলেছে।

শাহরুখের ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, ছেলে ঘরে না-ফেরা পর্যন্ত আপাতত সিনেমার কাজ স্থগিত রাখছেন বাদশা। এই মুহূর্তে দু’টো ছবির শুটিংয়ে ব্যস্ত শাহরুখ। একটি হল দীপিকা পাড়ুকোনের সঙ্গে ‘পাঠান’। দক্ষিণের পরিচালক অ্যাটলির পরিচালনায় কাজ চলছে দ্বিতীয় ছবিটির।


‘পাঠান’ ছবির গানের দৃশ্যে শুটিংয়ের জন্য ১০ অক্টোবর শাহরুখ-দীপিকার স্পেনে যাওয়ার কথা। সঙ্গে যাওয়ার কথা পরিচালক সিদ্ধার্থ আনন্দের। কিন্তু এই অবস্থায় তিন সপ্তাহের সেই সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত রেখেছেন শাহরুখ। আজ আরিয়ানের জামিন সংক্রান্ত শুনানি রয়েছে। ঘনিষ্ঠ মহলের মতে, সেখানে কী হয়, তা দেখে নিয়েই কাজে ফেরার পরবর্তী সিদ্ধান্ত নিতে পারেন অভিনেতা। 


অ্যাটলি পরিচালিত ছবির কিছু অংশের শুটিং ইতোমধ্যেই পুণে ও মুম্বাই ফিল্ম সিটিতে করা হয়ে গিয়েছে। অক্টোবরের ৩ তারিখ থেকে টানা এক সপ্তাহ ওই ছবিতে কাজ করার কথা ছিল শাহরুখের। যা বাতিল করেছেন তিনি। ব্যবসার কাজে আসন্ন বিদেশ সফর বাতিল করেছেন গৌরী খানও।











ঘটনাচক্রে এ দিনই এনআইএ জানিয়েছে, সম্প্রতি আদানি গোষ্ঠী পরিচালিত গুজরাটের মুন্দ্রা বন্দরে প্রায় ৩০০০ কেজি হেরোইন উদ্ধারের মামলার তদন্তভার হাতে নিয়েছে তারা। কংগ্রেস আগেই দাবি করেছিল, মুন্দ্রা বন্দরে মাদক উদ্ধারের ঘটনা থেকে নজর ঘুরিয়ে দিতেই এনসিবি-র প্রমোদতরী অভিযান। এই অভিযোগের প্রচ্ছন্ন তীর ছিল বিজেপির দিকেই। আজ সেই সুরে এনসিপি-র মুখপাত্র তথা মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক বলেছেন, পুরো ঘটনাটা সাজানো। 


বলিউডকে কালিমালিপ্ত করতে এবং মহারাষ্ট্রের বিরোধী সরকারকে প্যাঁচে ফেলতে বিজেপি এনসিবি-কে দিয়ে এ সব করাচ্ছে। তিনি বলেন, শাহরুখ খানকে পরবর্তী নিশানা করা হবে বলে অন্তত এক মাস আগে সাংবাদিকদের কাছে খবর ছিল। পাশাপাশি সমাজমাধ্যমে আরিয়ানের সঙ্গে ভাইরাল হওয়া এক ব্যক্তির পরিচয় নিয়েও প্রশ্ন তুলেছেন মন্ত্রী। গ্রেফতারির দিন প্রমোদতরীতে এনসিবি-র যে দলটি হানা দিয়েছিল, তার সঙ্গেই ছিলেন মণীশ ভানুশালী নামে ওই ব্যক্তি। অথচ এনসিবি জানিয়েছে, তিনি তাদের দফতরের কোনো আধিকারিক নন। 


তা হলে ওই ব্যক্তি কে? নবাবের দাবি, তিনি বিজেপির সঙ্গে যুক্ত। অমিত শাহ ও নরেন্দ্র মোদীর সঙ্গে তার ছবি রয়েছে। আজ রাতে সংবাদমাধ্যমের কাছে মণীশ জানান, নবাবের অভিযোগ ঠিক নয়। বিজেপির সঙ্গে ওই ঘটনার কোনো যোগ নেই।


প্রশ্ন উঠেছে আর এক ব্যক্তির পরিচয় নিয়েও। গ্রেফতারির পরে আরিয়ানের সঙ্গে সেলফি তুলেছেন ওই ব্যক্তি। টুইটারে জনৈক আইনজীবী ওই ব্যক্তির ছবি পোস্ট করে দাবি করেছেন, তার নাম এসকে গোভাসাই। পেশায় ‘প্রাইভেট ডিটেকটিভ’।


এনসিবি অবশ্য ইতোমধ্যেই জানিয়েছে, প্রমোদতরীতে মাদক পার্টির আগাম তথ্যটুকু শুধু তাদের কাছে ছিল। সেখানে আরিয়ান খানের উপস্থিতির কথা তারা জানত না। শনিবার রাতে জাহাজে উঠে আরিয়ান ও তার বন্ধুদের সেখানে দেখতে পায় তারা। এর মধ্যে বলিউডকে নিশানা করার কোনো সুযোগ খোঁজা অমূলক।


সূত্র: আনন্দবাজার পত্রিকা

Post Top Ad

Responsive Ads Here