আরাফাত হোসেন রাজিব, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :
দীর্ঘদিনের রেওয়াজ হিসেবে মধুখালী রেলগেটস্থ বিএনপি’র পার্টি অফিসে উপজেলা যুবদল সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করলেও এবার পুলিশের পক্ষ থেকে অনুমতি না থাকায় তারা মেছড়দিয়া মোড় খেলার মাঠে জাতীয়তাবাদী যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।
অনুষ্ঠানে দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী এস.এম. মুক্তার হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সাবেক সদস্য মোঃ মাহবুব তালুকদারের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল কাশেম আবুল, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মিহির কুমার রায় (বাবলু), সহ-সাংগঠনিক সম্পাদক, মিজানুর রহমান, পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার ওবায়দুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকরাম হোসেন খান, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান কামরুল ও ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ গোলাম মহিম। বক্তরা নিয়মতান্ত্রিক আন্দোলন সংগ্রামের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তারা আগামী দিনে রাজপথের সকল কর্মসূচিতে অংশগ্রহণের জন্য নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহবান জানান।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিএনপি’র নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সানোয়ার হোসেন চুন্নু, কামালদিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কামাল উদ্দিন (কামাল মাস্টার), শ্রমিক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম নকুল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ সোহেল রানা প্রমুখ।
