আদমদীঘিতে এবার যুব উন্নয়ন অফিসে চুরি | সময় সংবাদ |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে এবার উপজেলা যুব উন্নয়ন অফিসে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা অফিস ঘরের তালার লক ভেঙ্গে ভিতরে প্রবেশ করে একটি কম্পিউটারের মনিটর, একটি পিন্টার মেশিন চুরি করে নিয়ে যায়। গত শনিবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। এব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে।
যুব উন্নয়ন অফিস সহায়ক আমিনুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার দিন অফিস শেষে সন্ধ্যায় মেইন দরজা তালা দিয়ে অফিস বন্ধ করে বাসায় যান। এরপর গতকাল রোববার সকালে অফিসে পৌঁছালে দেখতে পান মেইন দরজার তালার লক ভাঙ্গা। অফিস কক্ষে প্রবেশ করে দেখা যায় অফিসের একটি কম্পিউটারের মনিটর ও একটি পিন্টার মেশিন চোরেরা চুরি করে দিয়ে যায়।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে চোরদের ফেলে যাওয়া একটি লোহার সাবল উদ্ধার করেছে। এই চুরির ঘটনার কয়েক দিন আগে উপজেলা পরিসংখ্যান অফিসারের বাসায়, আদমদীঘি প্রেসক্লাব, অফিসার্স ক্লাবসহ বিভিন্ন স্থানে চুরির ঘটনা ঘটে। এতে আতংকিত সাধারণ মানুষ।
