![]() |
| " বাবার দোকানের পাশে জুয়া খেলতে নিষেধ করায় ছেলেকে হত্যা | সময় সংবাদ" |
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে জুয়া খেলতে নিষেধ করায় ঋত্তিক হোসেন নামে ২২ বছর বয়সী এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে জুয়াড়িরা।
সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর ২১ নম্বর ওয়ার্ডের চকছত্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ঋত্তিক একই এলাকার মিলন হোসেনের ছেলে। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অভ্যন্তরে একটি হোটেলে কাজ করতেন।
নিহতের স্বজনরা জানান, ময়মনসিংহ নগরীর চকছত্রপুর এলাকায় একটি টং দোকান রয়েছে ঋত্তিকের বাবার। সোমবার বিকেলে বাবার দোকানের পাশে পয়সা ঘুরিয়ে জুয়া খেলা শুরু করেন এলাকার কয়েক যুবক। এ সময় তাদের চিৎকার চেঁচামেচি করে খেলতে নিষেধ করেন মিলন। এ নিয়ে মিলন এবং তার দুই ছেলে নিরব রহমান শিশির ও ঋত্তিক হোসেনের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়।
এরপর বিকেল ৫টার দিকে স্থানীয় মজুর দোকানে চা পান করতে যান ঋত্তিক। পৌনে ৬টার দিকে ঋত্তিককে ছুরিকাঘাত করে পালিয়ে যায় যুবকদের একটি দল। পরে ঋত্তিককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান।
নিহতের ভাই নিরব রহমান শিশির বলেন, আমাদের দোকানের পাশে টিপু, জামান, শরিফ, অনিক ও শান্ত নামে কয়েকজন পয়সা ঘুরিয়ে জুয়া খেলেন। জুয়া খেলতে নিষেধ করায় আমাদের সঙ্গে তাদের কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। এ নিয়ে আমার ভাইকে ছুরিকাঘাত করে জুয়াড়িদের দলটি। মৃত্যুর আগে জুয়াড়িদের পাঁচজনের নাম বলে গেছে ঋত্তিক।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, জুয়া খেলা নিয়ে বিরোধে বিকেলে ঝগড়া হলেও স্থানীয়ভাবে মিটিয়ে দেওয়া হয়। এ ঘটনার জের ধরে পরবর্তীতে ছুরিকাঘাত করা হলে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

