
মেহেদী ব্যবসায় সফল ঝিনাইদহের তরুণী ফৌজিয়া
ঝিনাইদহ প্রতিনিধি:
বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও এগিয়ে যাচ্ছে নারী সমাজ। এক সময়ের কুসংস্কার ও সামাজিক বাঁধা ভেঙে আজকের নারীরা হয়ে উঠছে স্বাবলম্বী, আত্মপ্রত্যয়ী এবং সফল। বিভিন্ন ক্ষেত্রে নিজেদের দক্ষতা প্রমাণ করছেন তারা।
এমনই এক সংগ্রামী ও স্বপ্নবাজ তরুণী ফৌজিয়া আফরোজ। ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুরের এই বাসিন্দা বর্তমানে সরকারি কেসি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্রী হলেও উদ্যোক্তা হিসেবে ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছেন।
উদ্যোক্তা হওয়ার পথ মোটেও সহজ ছিল না ফৌজিয়ার। তবে মা–বাবা ও ছোট বোনের অবিচল সহযোগিতা তাকে সাহস জুগিয়েছে। পড়াশোনার পাশাপাশি তিনি মেহেদী নিয়ে কাজ শুরু করেন। বর্তমানে অনলাইন এবং অফলাইনে সমানতালে কাজ করছেন তিনি। বাংলাদেশের অন্যতম বড় অনলাইন উদ্যোক্তা প্ল্যাটফর্ম “অলটাইম বেচাকেনা” গ্রুপেও সক্রিয় রয়েছেন তিনি।
তার নিজস্ব ফেসবুক পেজ “"গবযবহফর ইু ঋড়ঁলরধ” এখন ক্রেতাদের কাছে একটি বিশ্বস্ত নাম। মেহেদীর গুণগত মান, দীর্ঘস্থায়ী রঙ এবং আন্তরিক সেবার কারণে তিনি প্রতিনিয়ত প্রশংসা পাচ্ছেন। উৎপাদন থেকে শুরু করে ডেলিভারির সব কাজই তিনি নিজ হাতে সম্পন্ন করেন।
ফৌজিয়া শুধু নিজের জন্যই কাজ করছেন না, বরং স্বপ্ন দেখছেন সমাজের অসহায় নারীদের নিয়ে। তার ইচ্ছা - একদিন একটি প্রতিষ্ঠান গড়ে তোলা, যেখানে কাজ করবে গ্রামের বিধবা নারী ও নিম্নবিত্ত পরিবারের স্কুলপড়ুয়া মেয়েরা। তারা হবেন আত্মনির্ভরশীল, আর্থিকভাবে স্বাবলম্বী। পাশাপাশি তিনি অনলাইন ব্যবসাকে প্রতারণামুক্ত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেছেন।
নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে ফৌজিয়া আফরোজ বলেন- “অনলাইনে ব্যবসা করলে রাতারাতি লাখপতি হওয়া যায়, এমন মানসিকতা বাদ দিতে হবে। কেউ সফল হয়েছেন মানে এই নয় যে আপনিও হবেন। নিজের যোগ্যতা অনুযায়ী কাজ বেছে নিন, পড়াশোনা চালিয়ে যান, পেজে সক্রিয় থাকুন, দীর্ঘমেয়াদি পরিকল্পনা করুন। তাহলেই সাফল্য আসবে।”
সংগ্রামী এই তরুণীর গল্প আজ ঝিনাইদহসহ দেশের নারী সমাজকে অনুপ্রাণিত করছে। ফৌজিয়া আফরোজ প্রমাণ করেছেন, ইচ্ছাশক্তি ও পরিশ্রম থাকলে নারী কোনো ক্ষেত্রেই পিছিয়ে নেই।
